মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস নির্মাণে অংশ নেওয়ার অভিযোগে মিসরের একটি আদালত সে দেশের সাতজন কপটিক খ্রিষ্টানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। গত সেপ্টেম্বর মাসে এই চলচ্চিত্রের ভিডিও ইউটিউবে প্রচারিত হলে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে।কায়রোর আদালতের বিচারক সাইফ আল নসর সোলিমান বলেন, ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্রে অর্থায়ন এবং অংশ নেওয়ার দায়ে সাত মিসরীয়কে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। তবে সাজাপ্রাপ্ত কেউই মিসরে আটক নেই। তাঁদের অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।ওই চলচ্চিত্রের পরিচালক মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নকুলা বাসেলিকেও এ দণ্ডাদেশের আওতায় আনা হয়েছে। বাসেলি বর্তমানে লস অ্যাঞ্জেলেসের একটি কারাগারে এক বছরের সাজা খাটছেন। তিনি সেখানে আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হন।এ বিষয়ে মিসরীয় কপটিক চার্চের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। রয়টার্স।