মিসরে সামরিক-বেসামরিক ভারসাম্য প্রতিষ্ঠা হবে কি?
মিসরের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসি৷ এমন সময়ে কিছু প্রশ্ন ঘুরেফিরে আসছে: মিসরে গণতান্ত্রিক উত্তরণ কতটা সম্ভব হবে? দেশটি কি বেসামরিক রাষ্ট্রব্যবস্থা ও সামরিক বাহিনীর মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারবে?
প্রশ্নগুলো তুলেছেন মিসরের দৈনিক আল-শরুক পত্রিকার ওয়াশিংটন ব্যুরো প্রধান মোহাম্মদ এলমেনশাওয়ি৷ গত বৃহস্পতিবার আলজাজিরার অনলাইনে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, মিসরের আধুনিক ইতিহাস বলছে, দেশটিতে ঐতিহাসিকভাবে প্রভাবশালী সামরিক বাহিনী ও সদা-বিকাশমান বেসামরিক সমাজের মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সহজাত কিছু সমস্যা রয়েছে৷ ১৯৫২ সালে মিসরীয় বিপ্লবের পর দেশটির সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষেত্রে অধিকতর সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পায়৷ এরপর থেকে বিভিন্ন সময়ে সেনাবাহিনী কখনো উৎখাতকারী, কখনো রাজা তৈরির কারিগরের ভূমিকায় অবতীর্ন হয়েছে৷ আর এখন দেশটিতে সেনাবাহিনীর অবস্থান একেবারে তুলনাহীন (!), যা সিসির শাসনামলে আরও শক্তিশালী হতে পারে৷
মিসরের সামরিক এবং বেসামরিক উভয় শক্তিই দাবি করে, তারা গণতান্ত্রিক শাসন দেখতে চায়৷ তবে একটি কার্যকর গণতন্ত্রের মূল স্তম্ভগুলোরই একটি হচ্ছে ক্ষমতার ভারসাম্য ও পৃথক্করণ৷ বাস্তবে এটার অর্থ হচ্ছে রাষ্ট্রে বিভিন্ন কর্তৃপক্ষের ক্ষমতা থাকবে, তবে তাদের কেউই এর রাজনৈতিক, নির্বাহী ও আইন প্রণয়নসংক্রান্ত বিষয়গুলোতে প্রভাব খাটানোর চেষ্টা করবে না৷
মিসরে বেসামরিক-সামরিক সম্পর্ক প্রশ্নে ক্ষমতা পৃথককরণের এই ভারসাম্যের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ৷ প্রথম বিষয়টি হচ্ছে, মিসরের বেসামরিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সমাজে আদর্শগত বিভাজন একটা বড় সমস্যা৷ এটা কোনো বেসামরিক রাজনৈতিক শক্তির জন্য দেশে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তোলার বিষয়টি যেমন কঠিন করে তুলেছে, তেমনি দেশের সামরিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অধিকতর ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটা একটা অন্তরায়৷ দ্বিতীয় বিষয়টি আঞ্চলিক জটিল সীমকরণ ও আরব বসন্ত-পরবর্তী সংঘাতময় অবস্থার সঙ্গে সম্পৃক্ত৷ এ ধরনের বিশৃঙ্খলময় পরিস্থিতি ঘটলে, দেশের নিরাপত্তার স্বার্থেই সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়৷
মিসরের সর্বশেষ সংবিধানে সেই নজিরই দেখা গেছে৷ সেখানে সেনাবাহিনীকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে৷ সেনাবাহিনী ইচ্ছা করলে আইন-প্রণয়ন, নির্বাহী ও বিচার বিভাগের ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে পারবে৷
এসব বিষয় বিবেচনায় নেওয়ার পর মিসরে বেসামরিক রাষ্ট্র ও সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কে ভারসাম্যহীনতার একটি সুস্পষ্ট চিত্র ভেসে ওঠে৷ অথচ, গণতান্ত্রিক উত্তরণের কোনো রোডম্যাপের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ মিসরে আরেকটি কর্তৃত্ববাদী শাসন এড়াতে যেভাবেই হোক এই ভারসাম্য আনতেই হবে৷ সে ক্ষেত্রে দেশের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতকারী সিসি প্রেসিডেন্ট হওয়ায় মিসর একধাপ পিছিয়েই গেল৷