মিসরে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে দুই সম্প্রদায়ের সংঘাতের দ্বিতীয় দিনে আজ শনিবার আরও ১৮ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার নিহত হয়েছিল পাঁচজন। এ নিয়ে দুই দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ২৩ জনে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়।
মিসরের সেনাবাহিনী জানিয়েছে, আরব বানি হিলাল ও নুবিয়ান গোত্রের মধ্যে সংঘাত বন্ধে কাজ করছে বাহিনীর সদস্যরা।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে স্থানীয় একটি স্কুলের দেয়ালে একটি বিতর্কিত ছবি আঁকাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীতে দ্বন্দ্ব শুরু হয়। এ সংঘাতে কমপক্ষে ৩১ জন লোক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাসপাতালের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখা গেছে। কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তায় মৃতদেহ পড়ে থাকার ছবিও দেখা গেছে।
এদিকে আজ দু পক্ষের নেতাদের একটি বৈঠক হলেও বিষয়টি নিয়ে কোনো নিষ্পত্তি হয়নি।