মিসরে সিসির জয় নিশ্চিত

মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ভোটে জয়ী হতে যাচ্ছেন সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। ভোট গণনার সর্বশেষ ফলাফলে এ আভাস পাওয়া যায়।
এর মধ্যে বেশির ভাগ ভোট গোনা হয়ে গেছে। সেই অনুযায়ী সিসি ৯৬ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবাহি পেয়েছেন ৩ দশমিক ৮ শতাংশ ভোট।
চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু দুই দিনে প্রয়োজনীয়সংখ্যক ভোট না পড়ায় ভোট গ্রহণের সময়সীমা আরও এক দিন বাড়ানো হয়েছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়, ৩৫২ কেন্দ্রের মধ্যে ৩১২টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচনে অন্তত দুই কোটি ১০ লাখ ভোটার ভোট দিয়েছেন।
সিসির বিজয়ের খবরে তাঁর সমর্থকেরা পতাকা হাতে রাস্তায় নেমে এসেছেন। তাঁরা গাড়ির হর্ন বাজিয়ে ও আগুন ছুড়ে উল্লাস প্রকাশ করেন। তাহরির স্কয়ারে উল্লাসরত একজন তাহরা খালেদ জানান, ‘এটি স্থিতিশীলতার বিজয়।’
আল-আহরাম পত্রিকার ওয়েবসাইটের এক প্রতিবেদনে নির্বাচন কমিটির একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, নির্বাচনে দুই কোটি ৫০ লাখ ভোটার ভোট দিয়েছেন; যা মোট ভোটারের ৪৬ শতাংশ। দেশটির মোট ভোটার পাঁচ কোটি ৪০ লাখ।
গত মঙ্গলবার ভোট গ্রহণ শেষে একজন কর্মকর্তা বলেছিলেন, প্রায় ৩৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৫২ শতাংশ।
নির্বাচনের সময়সীমা বৃদ্ধি করায় গতকাল বুধবার এএফপির প্রতিনিধিদল কয়েকটি কেন্দ্র ঘুরে দেখে। সে সময় কেন্দ্রগুলো ছিল প্রায় জনশূন্য।
মোহাম্মদ আলী হাগার নামের একজন চলচ্চিত্র নির্মাতা বলেন, তাঁরা পর্যাপ্ত ভোট না পাওয়ায় ভোট গ্রহণ তৃতীয় দিনে গড়িয়েছে।
এদিকে সময় শেষ হওয়ার পরও নির্বাচনের সময় বাড়ানোর কারণে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জানায়, নির্বাচন কর্মকর্তার স্বাধীনতা, সরকারের নিরপেক্ষতা এবং মিসরের নির্বাচনী প্রক্রিয়ার সমন্বয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।
প্রেসিডেন্ট প্রার্থী সাবাহিও একধরনের সমালোচনা করেছেন। গত মঙ্গলবার তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি ৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন বলে জানা গেছে। এএফপি