মিসরে সেনাদের পুরো ক্ষমতা হস্তান্তরে কার্টারের সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সামরিক শাসক বেসামরিক সরকারের কাছে পুরো ক্ষমতা ও দায়িত্ব হস্তান্তর করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। দেশটির সেনাশাসকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। গত বুধবার তাঁর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মিসরের নির্বাচন-পরিস্থিতি পর্যবেক্ষণে জিমি কার্টার মিসর সফর করছেন। গত ৯ জানুয়ারি তিনি কায়রো পৌঁছান।গত বছর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর দেশটির প্রথম সাধারণ নির্বাচনের শেষ দফা পর্যবেক্ষণ করতে ৮৭ বছর বয়সী কার্টার তাঁর মানবাধিকার সংগঠন কার্টার সেন্টারের লোকজন নিয়ে কায়রো সফরে গেছেন।নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, মিসরের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের (এসসিএএফ) নেতা ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তান্তাউয়ির সঙ্গে বৈঠক করেন কার্টার। বৈঠকের পর তিনি বলেন, ‘আমার মনে হয় না এসসিএএফ বেসামরিক সরকারের কাছে পুরো দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছে। সামরিক বাহিনীর কিছু সুবিধা বহাল থাকতে পারে।’কার্টার বলেন, মিসরের নির্বাচন দৃশ্যত অবাধ ও নিরপেক্ষ হয়েছে। কাজেই সামরিক কর্মকর্তারা নবনির্বাচিত সাংবিধানিক পার্লামেন্টের কাছে জনগণের আশানুযায়ী কতটুকু ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, এ ব্যাপারে চাপ বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে কার্টার তান্তাউয়ির কাছে জানতে চান, সামরিক বাহিনীর ভবিষ্যৎ ক্ষমতা ও সুবিধাদি নিয়ে সামরিক পরিষদ ও নির্বাচিত বেসামরিক কর্তৃপক্ষের মধ্যে বিতর্ক সৃষ্টি হওয়ার মতো যে পরিবেশ তৈরি হয়েছে, এর সমাধান কী।কার্টার বলেন, ওই মূল প্রশ্নটি এখনো প্রশ্নই রয়ে গেছে। বৈঠকের সময় তাঁরা সামরিক বাহিনী ও নির্বাচিত বেসামরিক সরকারের মধ্যে সংহতিপূর্ণ সম্পর্কের ব্যাপারে জোর দেন।১৯৭৮ সালে মিসর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্পডেভিড শান্তিচুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করায় মিসর নিয়ে কার্টারের মন্তব্যের গুরুত্ব রয়েছে। রয়টার্স।