মিসরে সেনাবাহিনী 'গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা' করছে: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির পক্ষে বিক্ষোভে যোগ দিতে গতকাল তাঁর ছবি নিয়ে নাসর শহরের আদাউইয়া স্কয়ারের দিকে যাচ্ছেন মুসলিম ব্রাদারহুডের সমর্থকেরা ষ ছবি: রয়টার্স
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির পক্ষে বিক্ষোভে যোগ দিতে গতকাল তাঁর ছবি নিয়ে নাসর শহরের আদাউইয়া স্কয়ারের দিকে যাচ্ছেন মুসলিম ব্রাদারহুডের সমর্থকেরা ষ ছবি: রয়টার্স

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, মিসরের সেনাবাহিনী দেশটিতে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ করছে। লাখ লাখ মানুষের অনুরোধে সেনাবাহিনী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেছে।
মুরসির সমর্থনে মুসলিম ব্রাদারহুড ‘লাখো মানুষের সমাবেশ’ করার ঘোষণা দেওয়ার প্রাক্কালে জন কেরি এ কথা বলেন।

জন কেরি
জন কেরি


এদিকে মন্ত্রিসভার নির্দেশ উপেক্ষা করে মুরসিপন্থীরা গতকাল শুক্রবার কায়রোতে বড় সমাবেশ ও বিক্ষোভ করেছে মুরসিপন্থীরা।
পাকিস্তান সফররত কেরি গত বৃহস্পতিবার জিয়ো টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, মিসরের লাখ লাখ মানুষ সামরিক বাহিনীকে হস্তক্ষেপ করার আহ্বান জানায়। জনগণ বড় ধরনের সহিংসতা ও গোলযোগের মুখে পড়ার আশঙ্কায় সামরিক বাহিনীর প্রতি ওই আহ্বান জানায়। কেরি বলেন, ‘সর্বোচ্চ বিচারে আমাদের মনে হয়েছে, সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করেনি। দেশ পরিচালনার জন্য বেসামরিক সরকার রয়েছে। এর মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি তারা কার্যকর করছে।’
মিসরে আরও রক্তপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কেরি। তিনি বলেন, ওয়াশিংটন ‘গভীরভাবে উদ্বিগ্ন’। মুরসিপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। মুরসির অনেক সমর্থক নিহত হয়েছেন। এই পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন কেরি।
বিশ্লেষকদের মতে, কেরির এই বক্তব্য মিসরের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনের ইঙ্গিত। এর আগে ওয়াশিংটন মুরসিকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে শুরু থেকে মার্কিন কর্তৃপক্ষ একে সেনা অভ্যুত্থান বলতে নারাজ ছিল।
বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস: ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পক্ষে গতকাল কায়রোর উপকণ্ঠে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। একজন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, মুরসির সমর্থকেরা মিডিয়া প্রডাকশন সিটিতে হামলার চেষ্টা চালালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দেশটির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো এই মিডিয়া প্রডাকশন সিটিতেই অবস্থিত। মুরসির সমর্থকদের অভিযোগ, ৩ জুলাইয়ের সামরিক অভ্যুত্থানে ইন্ধন জুগিয়েছে এই চ্যানেলগুলো।
মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বলেছে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে মিডিয়া প্রডাকশন সিটির দিকে অগ্রসর হলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এএফপি ও আল-জাজিরা।