মিসরে সেনাশাসনের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের তাহরির স্কয়ারে গতকাল শুক্রবার হাজার হাজার মানুষ সমবেত হয়ে ক্ষমতাসীন সেনাশাসকদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেন। এসব প্রার্থী দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।মিসরের উদারপন্থী সংগঠনগুলোর উদ্যোগে গতকালের পূর্বনির্ধারিত এ সমাবেশটি হয়। প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও গোয়েন্দা বিভাগের প্রধান ওমর সুলাইমানের প্রার্থিতার বিরুদ্ধে এ সমাবেশ ডাকা হয়। এই সমাবেশে ইসলামপন্থীরাও যোগ দেয়। অবশ্য গত সপ্তাহে নির্বাচন কমিশন মোবারকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ওমর সুলাইমানসহ দুজন শীর্ষস্থানীয় ইসলামপন্থী নেতার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে।এর আগে গত সপ্তাহে একই দাবিতে তাহরির স্কয়ারে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামপন্থীরা। তবে ওই বিক্ষোভ আয়োজনে উদারপন্থী কোনো দলকে সঙ্গে রাখেনি তারা। প্রেসিডেন্ট মোবারকের পতনের পর দেশটির পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থীরা উদারপন্থীদের চেয়ে ভালো ফল অর্জন করেছে।এদিকে মিসরের প্রভাবশালী মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, গতকালের সমাবেশের নেপথ্যে ছিল তারা। সমাবেশের মাধ্যমে তারা তাদের ক্ষমতার মহড়া দিয়েছে। ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি নির্বাচনে পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট পদে দলের প্রার্থী খাইরাত এল-শাতের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। মোবারক যুগে একটি সামরিক আদালতে তিনি দোষী প্রমাণিত হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল হয়।কট্টর ইসলামপন্থী প্রার্থী হাজেম আবু ইসমাইলের প্রার্থিতা বাতিল হওয়ার কারণ হচ্ছে, তাঁর মা একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মিসরের নাগরিকত্ব বহন করছেন। এটি নির্বাচনী আইনের লঙ্ঘন। গতকাল তাহরির স্কয়ারে তাঁর সমর্থকেরা কালো পতাকা নিয়ে হাজির ছিলেন এবং সেনাশাসকদের বিরুদ্ধে স্লোগান দেন।সুলাইমানের প্রার্থিতা বাতিলের কারণ, তিনি নির্বাচনী আইন অনুযায়ী দেশজুড়ে প্রয়োজনীয়সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন। তবে মোবারকের অধীনে মিসরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা সাবেক বিমানবাহিনীপ্রধান আহমেদ শফিক এবং মোবারক সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লিগের প্রধান আমর মুসা এখনো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে টিকে আছেন। এএফপি।