মিসরে সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের পদত্যাগ
মিসরের সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার পদত্যাগ করেছে। গতকাল সোমবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি এই ঘোষণা দেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বেবলাওয়ি বলেন, আজ (গতকাল) দেশের প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে সিদ্ধান্ত গ্রহণের স্পষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
সরকারি কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কয়েক দফা হরতালের মুখে অন্তর্বর্তী মন্ত্রিসভার পদত্যাগের এই ঘোষণা এল।
ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসিকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ করে দিলেন বেবলাওয়ি।
রাষ্ট্রনিয়ন্ত্রিত আল-আহরাম পত্রিকার খবরে বলা হয়েছে, তাঁর উত্তরসূরির নাম ঘোষণা না করা পর্যন্ত বেবলাওয়িকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
গণবিক্ষোভের মুখে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত জুলাইয়ে ক্ষমতচ্যুত হন। সেনাপ্রধান সিসি তাঁকে ক্ষমতাচ্যুত করার পেছনে মুখ্য ভূমিকা রাখেন বলে ধারণা করা হয়। ১৬ জুলাই সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বেবলাওয়িকে।
গতকাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে বেবলাওয়ি বলেন, সরকার জনগণের নানা দাবি পূরণ করেছে। এর পরও নানামুখী বিক্ষোভ হয়েছে। অল্প সময়ের মধ্যে জনগণের সব দাবি পূরণ পৃথিবীর কোনো সরকারই করতে পারে না।
বেবলাওয়ি আরও বলেন, ছয় থেকে সাত মাস ধরে অন্তর্বর্তী সরকার নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বেশির ভাগ ক্ষেত্রে সরকার সফল হয়েছে। তিনি এ-ও বলেন, তাঁর সরকার নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে ছিল। তা সত্ত্বেও ‘সরু সুড়ঙ্গ’ থেকে বেরিয়ে আসার লক্ষ্যে অবিচল থেকে কাজ করেছে।
এর আগে দেশের নাজুক অর্থনীতির জন্য বেবলাওয়ির ব্যর্থতাকে দায়ী করে স্থানীয় গণমাধ্যমে তাঁর বেশ সমালোচনা করা হয়েছে।
নাম প্রকাশ না করে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল-আহরাম-এর খবরে বলা হয়, গৃহায়ণবিষয়কমন্ত্রী ইব্রাহিম মিহলিব অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেবলাওয়ির স্থলাভিষিক্ত হতে পারেন।
গতকাল প্রায় ১৫ মিনিট ধরে অন্তর্বর্তী মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই পদত্যাগের সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী আল-সিসিও উপস্থিত ছিলেন। এপি ও বিবিসি।