মিসরে ফুটবল মাঠে সহিংসতায় ৭৪ জনের মৃত্যুর জের ধরে সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির রাজধানী কায়রোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবরোধ করে রেখেছেন। সেনা-সমর্থিত সরকারের পতনের দাবিতে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত ছিল। বিক্ষোভে এ পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। মন্ত্রণালয় ভবন লক্ষ্য করে কয়েক হাজার বিক্ষোভকারী বৃহস্পতিবার রাতভর পাথর নিক্ষেপ করেন। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলেও বিক্ষোভকারীরা বারবার সমবেত হন। এর আগে কায়রো শহরে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ৬০০ জন বিক্ষোভকারী আহত হন। হতাহত লোকজনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। শহরে অন্য যানবাহন চলাচল ছিল কম। প্রত্যক্ষদর্শী ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ সূত্র জানায়, কায়রোতে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া সুয়েজ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শহরের একটি থানায় হামলা চালাতে গেলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে পুলিশ। ফুটবল মাঠে সহিংসতায় ৭৪ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা এই বিক্ষোভ শুরু করেন। উত্তরাঞ্চলীয় শহর পোর্ট সৈয়দে স্থানীয় ক্লাব আল-মাশরি বনাম কায়রোর ক্লাব আল-আহলির মধ্যে খেলা চলাকালে গত বুধবার দেশটির ফুটবল ইতিহাসে ভয়াবহতম এই বিপর্যয় ঘটে। এ ঘটনার জন্য সেনাবাহিনীর অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিক্ষোভকারীরা। ঘটনার রাতেই মিসরের বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। গণতন্ত্রপন্থী ২৮টি সংগঠনের ইন্টারনেট-বিবৃতিতে বলা হয়, গতকাল জুমার নামাজের পর কায়রোর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভকারীরা সমবেত হয়ে ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রতি অবিলম্বে পদত্যাগের দাবি জানান। নারী পর্যটক অপহূত: গতকাল একদল মুখোশধারী সশস্ত্র বেদুইন দক্ষিণ সিনাইয়ের ওয়াদি আল-সোল এলাকায় একটি পর্যটন বাস আটক করে দুই মার্কিন নারী পর্যটক ও তাঁদের গাইডকে অপহরণ করেছে। অপহরণকারীরা মিসরের কারাগারে আটক তাঁদের স্বজনদের মুক্তির দাবি জানায়। রয়টার্স ও এএফপি।