মিসরে হুমকি হয়ে উঠছে আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার বেত আল-মাকদিস। গত কয়েক বছরেই যথেষ্ট শক্তি অর্জন করেছে মিসরের সিনাইয়ে ঘাঁটি গড়ে তোলা কট্টরপন্থী এই গোষ্ঠী। প্রেসিডেন্ট মুরসির পতনের পর সেনাবাহিনী ও বিদেশি পর্যটকদের ওপর হামলা চালিয়ে নিজেদের ধ্বংসাত্মক ক্ষমতা দেখিয়েছে তারা
মিসরে সিনাই মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছে ইসলামি কট্টরপন্থী গোষ্ঠী আনসার বেত আল-মাকদিস। আত্মঘাতী হামলাসহ নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে ইতিমধ্যে মিসরের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে এই গোষ্ঠী। কিন্তু মিসরের সেনাসমর্থিত সরকার আনসারের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নামেনি। ফলে ধীরে ধীরে পাশ্চাত্যের জন্যও হুমকি হয়ে উঠছে এই গোষ্ঠী।
এই মুহূর্তে মিসরের পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা করছে আনসার। পাশাপাশি বিদেশি নাগরিকদের অপহরণের পাশাপাশি তাদের ওপর হামলাও চালাচ্ছে।
গত বছরের জুলাইয়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পরই হামলা বাড়িয়ে দেয় কট্টরপন্থী ওই সংগঠন। এসব হামলায় পুলিশ, সেনাসদস্যসহ শত শত মানুষ নিহত হয়।
বিশ্লেষকেরা বলছেন, আনসার এখনো এত বেশি শক্তি অর্জন করতে পারেনি যে তারা আরব বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি মিসরের সেনাবাহিনীকে পরাজিত করবে। তবে এটা ঠিক, নতুন কৌশল হিসেবে বিদেশি পর্যটকদের ওপর হামলা চালিয়ে বা অপহরণ করে মিসরের পর্যটনশিল্পে ধস নামানোর ক্ষমতা রাখে আনসার। আর সেটা করলেই এর প্রভাব পড়বে মিসরের অর্থনীতিতে। যা সরকারে জন্য হবে বড় এক আঘাত।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিষ্ঠান স্ট্রাটফর এক প্রতিবেদনে বলেছে, ‘আনসার বেত আল-মাকদিস দ্রুতই বিশ্বের সবচেয়ে সক্রিয় জিহাদি সংগঠনগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। গোষ্ঠীটির শক্তি দেখে মনে হয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে এর সম্পৃক্ততা রয়েছে।’
সিনাইয়ের তাবা এলাকায় গত রোববার আত্মঘাতী হামলায় দক্ষিণ কোরিয়ার দুই পর্যটকসহ তিনজন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে আনসার। ঘটনার পর ওই এলাকা ছাড়াও আরও কিছু এলাকা থেকে বিদেশি পর্যটকদের সরিয়ে নেওয়া হয়।
গত সোমবার আনসারের এক বিবৃতিতে বিদেশি পর্যটকদের মিসর ছেড়ে চেল যেতে বলা হয়। তা না হলে হামলার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়।
২০১১ সালে মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকবিরোধী আন্দোলন শুরুর পর আনসার ধ্বংসাত্মক সংগঠন হিসেবে শক্তি অর্জন করে। মোবারকের পতনের পর মোহাম্মদ মুরসির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ও তাঁর পতন এবং এরপর মিসরে চলমান অস্থিতিশীলতাকেই পুঁজি করে শক্তিশালী হয় আনসার। কারণ, এই সময় কেন্দ্রীয় সরকার সিনাইয়ের দিকে সক্রিয়ভাবে নজর রাখতে পারেনি। আর এতেই ইসরায়েল, গাজা উপত্যকা ও সুয়েজ খাল ঘেরা ৬১ হাজার বর্গকিলোমিটার এলাকার সিনাইয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সক্ষম হয় সংগঠনটি।
সিনাই মরুভূমিতে নিজেদের নিরঙ্কুশ কর্তৃত্ব নিশ্চিত করতে অস্ত্র চোরাচালানি চক্র ও ছোট ছোট কিছু কট্টরপন্থী গোষ্ঠীর সঙ্গেও জোট বেঁধেছে আনসার।
মিসরের সেনাবাহিনীর একটি সূত্র জানায়, আনসারের সঙ্গে সম্প্রতি নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের দমনে কাজ করছে সরকার।
বিশ্লেষকদের মতে, এখনো পাশ্চাত্যের দেশগুলো আরব বিশ্বের মধ্যে মিসরকেই নিজেদের কৌশলগত বড় অংশীদার বলে মনে করে। তাই আনসার বেত-আল মাকদিস মিসর অস্থিতিশীল করে তুললে তা পাশ্চাত্যের জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়াবে।