মিসরে ১৪ জঙ্গির মৃত্যুদণ্ড
মিসরে সেনা ও পুলিশ হত্যার অপরাধে ১৪ জন ইসলামি জঙ্গিকে গতকাল সোমবার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। এ ছাড়া অন্য একটি আদালত চার জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা সবাই তওহিদ ওয়া আল-জিহাদ গোষ্ঠীর সদস্য। সে দেশের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।মিসরের গণমাধ্যমের খবরে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ জঙ্গির আটজনই পলাতক রয়েছেন। গত বছরের গ্রীষ্মে সিনাইয়ের আল-আরিশ এলাকায় সেনা ও পুলিশের ওপর ওই হামলা চালানো হয়। এতে একজন সেনাসদস্য, একজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, রায় শুনে আসামিপক্ষের আইনজীবীদের একটি অংশ চিৎকার করে বলে, ‘আল্লাহ মহান।’ অন্য অংশ দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কাফের বলে মন্তব্য করেন। একজন আইনজীবী চিৎকার করে বলেন, প্রেসিডেন্ট মুরসি একজন কাফের। তাঁর অনুসারীরাও কাফের।হোসনি মোবারক প্রেসিডেন্ট থাকার সময় থেকে সিনাইয়ে সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা হামলা চালিয়ে আসছিল। গত বছরের ফেব্রুয়ারিতে গণ-আন্দোলনের মুখে হোসনি মোবারক পদত্যাগে বাধ্য হন। এর পরও জঙ্গি হামলা অব্যাহত থাকে। বিবিসি।