মিসরে ৩১ বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার
মিসরে ৩১ বছর ধরে বলবৎ থাকা জরুরি অবস্থা অবশেষে তুলে নেওয়া হলো। গত বছর দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল জরুরি অবস্থা বাতিল। গত বৃহস্পতিবার মধ্যরাতে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয় দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।মিসরের সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেসের (স্কাফ) এক বিবৃতিতে জরুরি আইন তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয়, জরুরি আইন তুলে নেওয়া হলেও ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত কাউন্সিল দেশরক্ষায় তার দায়িত্ব পালন করে যাবে।মিসরের মানবাধিকারকর্মী হোসাম বাঘাত জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। কারণ, এখন থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আইনের অধীনে এলেন। তাঁরা আর বাড়তি কোনো ক্ষমতা ভোগ করবেন না। জরুরি আইন তুলে নিতে হোসাম বাঘাত দীর্ঘদিন ধরেই প্রচারণা চালিয়ে আসছিলেন। এই আইনের আওতায় সন্দেহভাজনদের আটক ও বিশেষ আদালতে তাদের বিচারের ক্ষমতা ভোগ করত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার মিসরে জরুরি অবস্থা প্রত্যাহারকে গণতন্ত্রের পথে দেশটির একধাপ এগিয়ে যাওয়া হিসেবে আখ্যায়িত করেছেন। বিবিসি।