মিসরে ‘নতুন যুগের’ অঙ্গীকার আহমেদ শফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ‘নতুন যুগের’ অঙ্গীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী আহমেদ শফিক। গত বছরের গৌরবান্বিত বিপ্লবের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে এই ধর্মনিরপেক্ষ নেতা বলেছেন, ‘আপনাদের যে বিপ্লব ছিনতাই হয়েছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তা ফিরিয়ে আনব।’হোসনি মোবারক-পরবর্তী যুগে মিসরের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন গত সপ্তাহে সম্পন্ন হয়েছে। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট কোনো প্রার্থীই পাননি। সর্বোচ্চ ২৫ দশমিক ৩ শতাংশ ও ২৪ দশমিক ৯ শতাংশ করে ভোট পেয়েছেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মেদ মুরসি ও আহমেদ শফিক। এ অবস্থায় তাঁদের মধ্যে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত হবে এ নির্বাচন।এদিকে, দ্বিতীয় দফার নির্বাচন থেকে ছিটকে পড়া ও প্রথম দফার নির্বাচনে তৃতীয় স্থান অধিকারী প্রার্থী হামদিন সাব্বাহি ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তিনি সাত লাখ ভোটের ব্যবধানে দ্বিতীয় দফার ভোটাভুটিতে অংশ নিতে পারছেন না। বামপন্থী আল-কারামাহ পার্টির এই নেতা অভিযোগ করেছেন, সেনাসদস্যরা অবৈধভাবে ভোট দিয়েছেন।প্রথম দফার ভোটে উত্তীর্ণ শফিক মিসরীয়দের উদ্দেশে বলেছেন, গত বছরের মহান বিপ্লব এবং জনগণের আত্মত্যাগ ছাড়া কখনোই এ নির্বাচনের সুযোগ সৃষ্টি হতো না। তাঁকে ভোট দিতে এবং তাঁর ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আহমেদ শফিক বলেন, ‘আমি মিসরীয়দের কাছে অঙ্গীকার করছি, আমরা নতুন যুগের সূচনা করব। পুরোনো শাসনব্যবস্থা আর ফিরে আসবে না। আমরা আর ওই শাসন দেখতে চাই না। অতীত এখন মৃত।’ কট্টরপন্থী মোহাম্মেদ মুরসি মিসরীয়দের প্রতি বিপ্লবের মূল উদ্দেশ্য খোঁজার আহ্বান জানিয়ে বলেছেন, দ্বিতীয় দফার নির্বাচনে বিপ্লবের উদ্দেশ্য ও মিসরীয় জনগণের স্বার্থ পূরণ হবে। তিনি বলেন, ‘একজন প্রেসিডেন্ট হিসেবে আমি হব সব মিসরীয়র প্রেসিডেন্ট।’ পিটিআই ও বিবিসি।