মিসরের ইসলামপন্থী সাবেক প্রধানমন্ত্রী কানদিল গ্রেপ্তার
মিসরের সাবেক প্রধানমন্ত্রী হিশাম কানদিলকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দেশটির ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির অধীনে দায়িত্ব পালন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, সুদানে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় একজন পাচারকারীর সঙ্গে কানদিলকে কায়রোর বাইরের মরু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কানদিল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে আদালতের নির্দেশনা পালনে ব্যর্থতার দায়ে অভিযুক্ত হন। এতে তাঁর এক বছরের কারাদণ্ড হয়।
প্রধানমন্ত্রী হিসেবে অজনপ্রিয় ছিলেন কানদিল। তাঁর সময়ে মিসরের অর্থনীতি সঠিক পথে চলেনি বলে অভিযোগ রয়েছে। মুরসির ক্ষমতাচ্যুতির পর তাঁর পক্ষে ইউরোপীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কানদিল। তবে রাজপথে সংঘর্ষ-বিক্ষোভ চলাকালে ব্যাপক সামরিক অভিযানে অন্তত এক হাজার মানুষ নিহত হলে ওই উত্তেজনা নিরসনের উদ্যোগ ভেস্তে যায়। মঙ্গলবার কায়রোর উত্তরে অবস্থিত মানসুরা শহরে পুলিশের আঞ্চলিক সদর দপ্তরে গাড়িবোমা হামলায় পুলিশের ১২ জন সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হন। এর প্রেক্ষাপটে কানদিলকে গ্রেপ্তার করা হলো।
সামরিক বাহিনী-সমর্থিত অন্তর্বর্তী সরকারের অভিযোগ, ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের লোকজনই ওই হামলার জন্য দায়ী। সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী হাজেম বেবলাউয়ি।
তবে ব্রাদারহুড ওই হামলার দায় স্বীকার করেনি, বরং কঠোর নিন্দা জানিয়েছে। তারা প্রধানমন্ত্রীর মন্তব্যেরও সমালোচনা করেছে। বিশ্লেষকেরা বলছেন, কট্টরপন্থীরাই ওই হামলা চালিয়েছে। সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একই ধরনের হামলা হয়েছিল।
মুরসিকে উৎখাতের পর থেকে এ পর্যন্ত অন্তত দুই হাজার ইসলামপন্থী নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতারা এখন প্রায় সবাই কারাবন্দী। এএফপি।