মিসরের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব রাশিয়ার
মিসরের কাছে আধুনিক হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। ২০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তির আওতায় এই প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে রুশ-মিসর সামরিক সহযোগিতা পুনর্জীবিত হলো। গত শুক্রবার রাশিয়ার একজন কর্মকর্তা এ কথা জানান।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গত বৃহস্পতিবার এই চুক্তির কাজ এগিয়ে নিতে মিসর সফর করেন। ওই সফরের পর পররাষ্ট্রমন্ত্রী লাভরভ দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রসোবোরন এক্সপোর্টের জ্যেষ্ঠ কর্মকর্তা মিখাইল জাভালি জানান, রাশিয়া মিসরের কাছে যুদ্ধাস্ত্র বিক্রি করতে চায়। তিনি বলেন, ‘এখন আমরা আধুনিক হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করতে মিসরের কাছে প্রস্তাব দিয়েছি। পাশাপাশি এর আগে আমাদের কাছ থেকে নেওয়া সামরিক সরঞ্জামগুলো আধুনিকায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।’
তবে রুশ দৈনিক ভেদোমস্তির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের কাছে মিগ ২৯এম/এম২ যুদ্ধবিমান, স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ট্যাংক বিধ্বংসী রকেট বিক্রির বিষয়ে কথাবার্তা হচ্ছে রাশিয়ার।
ষাটের ও সত্তরের দশকের শুরুর দিক পর্যন্ত মিসরের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল রাশিয়ার পূর্বসূরি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তবে মিসর-ইসরায়েল শান্তিচুক্তির পর কায়রো যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা পাওয়া শুরু করলে সোভিয়েত অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যায়।
গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্র দেশটির প্রতি কিছু সামরিক সহায়তা স্থগিত করে। এই সুযোগটিই নিচ্ছে রাশিয়া।
রাশিয়ার সঙ্গে মিসরের এই যোগাযোগকে যুক্তরাষ্ট্রের প্রতি কায়রোর বিশেষ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা। আরব নিউজ ও আল-জাজিরা।