মিসরের জনগণ গণতন্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ
মিসরের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। গণ-অভ্যুত্থানের পরবর্তী মিসরের প্রথম নির্বাচনকে ‘গণতন্ত্রের সফল পরীক্ষা’ হিসেবে বর্ণনা করেছে মিসর। দেশটির অন্তর্বর্তী সেনা শাসকেরা গতকাল মঙ্গলবার নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন।অন্তর্বর্তী সেনা শাসকদের পদত্যাগের দাবিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ-সমাবেশ এবং ৪০ জন নিহত হওয়ার পর মোবারক-পরবর্তী দেশের এই প্রথম নির্বাচন নিয়ে বেশ সন্দেহ শুরু হয়েছিল।গত সোমবার প্রথম দিনে নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের পর গতকাল মিসরের রাষ্ট্রীয় আল-আকবর সংবাদপত্রের শিরোনাম ছিল ‘নতুন মিসরের জন্ম’। নিরপেক্ষ দৈনিক আল-শোরুক পত্রিকার শিরোনাম ছিল ‘জনগণ গণতন্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ’। মিসরে একটি নতুন পার্লামেন্টের জন্য গত সোমবার ভোট গ্রহণ শুরু হয়।গত ফেব্রুয়ারিতে গণ-আন্দোলনে হোসনি মোবারকের পতনের পর এটাই প্রথম নির্বাচন। কয়েক ধাপে এ নির্বাচন শেষ হবে। সোমবার রাজধানী কায়রো ও বন্দর শহর আলেক্সান্দ্রিয়ায় ভোট দেওয়ার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। প্রথম দিনের চেয়ে গতকাল ভোটারদের উপস্থিতি ছিল বেশি।৩০ বছর বয়সী রফিক বলেন, ‘ভোটকেন্দ্রের ভিড় এড়াতেই তিনি আজ (গতকাল) ভোট দিতে আসেন। ভোট দেওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ, এই প্রথমবারের মতো আমার মতামত নেওয়া হলো।’আগামী বছরের ১৩ জানুয়ারি ভোটের ফলাফল ঘোষণা করা হবে। সাবেক প্রেসিডেন্ট মোবারকের শাসনামলে নিষিদ্ধ হওয়া মুসলিম ব্রাদারহুড নির্বাচনে বৃহ ৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে।সেনা শাসকদের পদত্যাগের দাবিতে এক সপ্তাহ ধরে কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভ-সমাবেশের পর নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্দেহ শুরু হয়েছিল। এএফপি ও রয়টার্স।