মিসরের জনসাধারণকে গ্রেপ্তারে সামরিক বাহিনীর ক্ষমতা খর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সামরিক বাহিনী দেশের সাধারণ নাগরিকদের গ্রেপ্তারের ক্ষমতা হারিয়েছে। ক্ষমতাসীন সামরিক পরিষদের একটি আদেশ (ডিক্রি) আদালতের রায়ে স্থগিত হওয়ায় সেনাদের এ ক্ষমতা খর্ব হলো। নিরঙ্কুশ ক্ষমতা হাতে রাখার প্রচেষ্টায় ওই আদেশ জারি করেছিল সামরিক পরিষদ। আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো। অন্যদিকে নতুন সরকার গঠনে কাজ শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।মিসরে জরুরি অবস্থার মেয়াদ গত ৩১ মে শেষ হয়। এর ফলে সামরিক বাহিনী দেশের সাধারণ নাগরিকদের গ্রেপ্তারের ক্ষমতা হারায়। পরে ১৩ জুন দেশটির ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেস (স্কাফ) একটি আদেশ জারি করে। ওই আদেশে সামরিক বাহিনী সাধারণ নাগরিকদের গ্রেপ্তারের এখতিয়ার ফিরে পায়। তবে আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করে মানবাধিকার গোষ্ঠীগুলো। সেই আপিল পর্যালোচনা করে গত মঙ্গলবার আদালত রায় দেন। রায়ে সেনাবাহিনীর সাধারণ নাগরিকদের গ্রেপ্তারের ক্ষমতাসংক্রান্ত আদেশটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।অবশ্য আদালতের ওই রায়ের পরও গণআন্দোলনে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে স্কাফের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত থাকতে হচ্ছে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মোবারক পদত্যাগ করার পর দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে এই স্কাফ। চলতি মাসের শেষে দেশের নিয়ন্ত্রণভার নতুন প্রেসিডেন্ট মুরসির হাতে তুলে দেওয়া হলেও স্কাফের হাতে বড় ধরনের ক্ষমতা থেকে যাবে। ইতিমধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট মুরসি গত সোমবার স্কাফের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়ির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মোবারক এই তানতাওয়ির হাতেই ক্ষমতা তুলে দিয়েছিলেন। চলতি মাসের শুরুতে মিসরের সর্বোচ্চ আদালত দেশটির ইসলামপন্থীদের নিয়ন্ত্রণাধীন পার্লামেন্টকে বাতিলের ঘোষণা দেন। এই সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতা নিরঙ্কুশভাবে নিজেদের কব্জায় রাখার প্রচেষ্টা শুরু করে সেনাবাহিনী। ওই ঘটনার পরপরই তারা দেশের বিধানিক ক্ষমতা গ্রহণ করে। ফলে নতুন প্রেসিডেন্ট মুরসির নেতৃত্বে যে শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল গঠিত হবে, তাতেও বিশেষ কর্তৃত্ব থাকবে সেনাদের। এ ছাড়া একটি নতুন শাসনতন্ত্র গঠনের স্বার্থে পরিষদ নিযুক্তির ক্ষমতাও সেনাবাহিনীর হাতে। নির্বাচিত পার্লামেন্টে নতুন শাসনতন্ত্রের জন্য পরিষদ গঠিত হওয়ার কথা ছিল। আদালতের রায়ে পার্লামেন্ট বিলুপ্ত হওয়ায় সে সুযোগ আর নেই। আগামী ১ সেপ্টেম্বর ওই পরিষদ গঠন করা হতে পারে। অবশ্য, মুসলিম ব্রাদারহুড ঘোষণা দিয়েছে, একমাত্র পার্লামেন্টই পারে এ পরিষদ গঠন করতে। নবনির্বাচিত প্রেসিডেন্ট মুরসি এই ব্রাদারহুডেরই রাজনৈতিক ফ্রন্ট ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী ছিলেন। তবে প্রেসিডেন্ট পদ গ্রহণের আগে তিনি ‘সব মিসরীয়র নেতা’ হওয়ার প্রতিশ্রুতি দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন।সাধারণ নাগরিকদের গ্রেপ্তারে সেনাবাহিনীর ক্ষমতা খর্ব করাসংক্রান্ত আদালতের রায়কে স্বাগত জানিয়েছে দেশের মানবাধিকার গ্রুপগুলো। ইজিপশিয়ান ইনিসিয়েটিভ ফর পারসোনাল রাইটস রায়কে স্বাগত জানিয়ে বলেছে, যেসব লোক সামরিক বাহিনীর বিরুদ্ধাচরণ করবে তাদের গ্রেপ্তারেই ওই আদেশ জারি করা হয়েছিল। যুক্তরাষ্ট্র বলেছে, তারা আদালতের রায়টি পর্যালোচনা করছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, কী ঘটেছে তা পর্যালোচনা করতে কিছুটা সময় নেওয়া হবে। মানবাধিকার ও মিসরীয়দের সম্মানকে সমর্থন করলে সেটা ভালো পদক্ষেপ।অন্যদিকে নতুন প্রেসিডেন্ট মুরসি সরকার গঠনের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তাঁর একজন জ্যেষ্ঠ সহযোগী। তিনি জানান, মুরসি প্রধানমন্ত্রী পদে একজন ‘স্বতন্ত্র জাতীয় ব্যক্তিত্ব’কে নিয়োগ দিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া মন্ত্রিসভার বেশির ভাগই হবে টেকনোক্র্যাট। এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানায়, মুরসি নোবেল বিজয়ী মোহাম্মদ এল বারাদি বা সাবেক অর্থমন্ত্রী হাজেম বেলাবিকে প্রধানমন্ত্রী করার বিষয়টি বিবেচনা করছেন। আহমেদ শফিকের দেশত্যাগ: মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী আহমেদ শফিক দেশত্যাগ করেছেন। দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হওয়ার পরপরই তিনি মিসর ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশে রওনা হন বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, মোবারক আমলের সর্বশেষ প্রধানমন্ত্রী শফিকের সঙ্গে তাঁর মেয়েরা এবং নাতি-নাতিনিরাও রয়েছে। এর আগে মোবারক আমলের গোয়েন্দাপ্রধান ওমর সুলেইমানের দেশ ছেড়ে আবুধাবিতে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে খবর বের হয়। এএফপি, বিবিসি, জি নিউজ।