মিসরের তাহরির স্কয়ার আবার রণক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সরকার ও বিরোধী দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার সংঘর্ষে অন্তত ১১০ জন আহত হয়েছে। মুসলিম ব্রাদারহুড-সমর্থিত মোহাম্মদ মুরসি মিসরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই পক্ষের মধ্যে এই প্রথম এত বড় সংঘর্ষের ঘটনা ঘটল। গত বছর অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৪ জন কর্মকর্তাকে সম্প্রতি খালাস দেন আদালত। এর পরই শীর্ষ আইন কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেন প্রেসিডেন্ট মুরসি। বিচারকেরা মুরসির এই উদ্যোগের সমালোচনা করেন। বিষয়টি নিয়ে সরকার ও বিরোধীদের দ্বন্দ্ব চরমে ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে শুক্রবার সরকারবিরোধীরা সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলার সময় মুরসির সমর্থকেরা হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে মঞ্চ ভাঙচুর শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের নেতা-কর্মী ও সমর্থকেরা পরস্পরের দিকে পাথর, বোতল ও পেট্রলবোমা ছুড়ে মারে। দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় তাহরির স্কয়ার ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়।সরকারবিরোধী বিক্ষোভকারী সাইদ আল-হাওয়ারি বলেন, ‘আমার শেষ কথা হলো, মুরসি মিসরের জনগণের প্রেসিডেন্ট নন। তিনি মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট।’ রানিয়া মোহসেন বলেন, ‘মিসরকে শুধু ব্রাদারহুডের দেশে পরিণত করার প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। আমরা চাই না ক্ষমতাচ্যুত আবার ক্ষমতায় আসুক, পতিত একজনের মতোই নতুন একজন আসুক।’ মুরসির সমর্থক মোয়েজ নাগার অভিযোগ করেন, বিরোধীরা ‘হিংস্র’ আচরণ করছে। মুরসিকে একটি সুযোগ দেওয়া উচিত।সংঘর্ষ চলাকালে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে ওই ঘটনার নিন্দা জানানো হয়। মুরসির কর্মী-সমর্থকদের তাহরির স্কয়ার থেকে সরে যাওয়ার আহ্বানও জানানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, সংঘর্ষে ১১০ জন আহত হয়েছে।তাহরির স্কয়ারের সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে মিসরের উত্তরাঞ্চলীয় শিল্প এলাকা মাহাল্লায় মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তরে হামলা চালানো হয়। হামলাকারীরা ভাঙচুর চালিয়ে সেখানে টাঙানো মুরসির ছবি নামিয়ে ফেলে।মুরসি ক্ষমতা নেওয়ার পর এই প্রথম এত বড় বিক্ষোভ-সংঘর্ষের মুখে পড়লেন। মিসরের জনগণ হতাশ। কারণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিতে গতি সঞ্চার করতে পারেননি মুরসি। এখনো অর্থনৈতিক নীতিতে খুব বেশি পরিবর্তনও আনতে পারেননি তিনি। রয়টার্স ও বিবিসি।