মিসরের তিন শহরে জরুরি অবস্থা, কারফিউ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে অব্যাহত সহিংসতা নিয়ন্ত্রণে পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে এক মাসের জন্য জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। গত রোববার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে মুরসি এ ঘোষণা দেন। রোববার মধ্যরাত থেকে তাঁর ঘোষণা কার্যকর হয়েছে। গতকাল সোমবার মিসরের মন্ত্রিসভা প্রেসিডেন্ট মুরসিকে সেনা মোতায়েনের ক্ষমতা দিয়ে একটি খসড়া আইন অনুমোদন করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী পুলিশকে সহায়তা দেবে। তাদের গ্রেপ্তারেরও ক্ষমতা দেওয়া হয়েছে। টানা পাঁচ দিন ধরে মিসরে সহিংসতা চলছে। গতকালও সহিসংতায় একজন নিহত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৫০ জন নিহত হলো। উদ্ভূত সমস্যার সমাধানে প্রেসিডেন্ট মুরসি গতকাল শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন। প্রেসিডেন্টের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য প্রধান বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট (এনএসএফ) গতকাল বিকেলে বৈঠকে বসেছে। তবে তাৎক্ষণিকভাবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানা যায়নি।প্রেসিডেন্ট মুরসি নোবেলজয়ী মোহাম্মদ এল বারাদির আল-দুস্তুর পার্টি, আরব লিগের সাবেক প্রধান আমর মুসা ও গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী হামদিন সাব্বাহিকেও আলোচনার প্রস্তাব দেন। তবে সাব্বাহি ইতিমধ্যে এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর আগে রোববার সন্ধ্যায় ভাষণে মুরসি বলেন, ‘আমি জরুরি অবস্থার বিরুদ্ধে, এটা আমি বলেছিলাম। তবে এ কথাও বলছি, রক্তপাত বন্ধে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে এখন আমাকে এ ব্যবস্থা নিতে হচ্ছে। দেশকে রক্ষা করার দায়িত্ব সবার। দেশের নিরাপত্তার স্বার্থে আমরা যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত।’ মুরসি বলেন, সহিংসতা দমনে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জরুরি অবস্থা জারির প্রতিবাদে পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে বিক্ষোভ করেছে মুরসিবিরোধীরা। সরকারঘোষিত কারফিউ অমান্য করারও ঘোষণা দিয়েছে তারা। রোববার রাতেই কারফিউ অমান্য করে পোর্ট সৈয়দে বিক্ষোভ হয়েছে। শহরের বাসিন্দারা গতকালও বিক্ষোভ করে।হোসনি মোবারকের পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত বৃহস্পতিবার মিসরের বিভিন্ন অঞ্চলে সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরদিনও বিভিন্ন স্থানে সহিংসতা চলে। আবার গত বছর মিসরে ফুটবল স্টেডিয়ামে সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গত শনিবার ২১ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলে নতুন করে সহিংসতা শুরু হয়। এএফপি, বিবিসি ও রয়টার্স।