মিসরের নতুন সংবিধান প্রণয়নে সেনাবাহিনীর ভূমিকা থাকবে না
মিসরের নতুন সংবিধান প্রণয়নে সেনাবাহিনীর কোনো ভূমিকা থাকবে না। দেশটির নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে একটি গণপরিষদ গঠনে পার্লামেন্টই মুখ্য ভূমিকা পালন করবে। দেশটির সেনাবাহিনী গতকাল রোববার এ কথা জানায়। সেনাবাহিনী জানায়, একটি অন্তর্বর্তী সংবিধানের আওতায় ১০০ সদস্যবিশিষ্ট গণপরিষদ গঠনে পার্লামেন্টই দায়িত্বশীল থাকবে। আর এই গণপরিষদই দেশটির জন্য নতুন সংবিধান প্রণয়ন করবে।এর আগে গত সপ্তাহে নতুন সংবিধানের বিষয়ে জেনারেল মামদো শাহিন বলেছিলেন, নতুন সংবিধান প্রণয়নের যেকোনো সিদ্ধান্ত ও নিয়োগের অনুমোদনের ক্ষেত্রে প্রথমেই ক্ষমতাসীন সামরিক পরিষদ সমর্থিত মন্ত্রিসভা ও পরামর্শক সভার সম্মতি থাকতে হবে। কিন্তু পার্লামেন্টের প্রথম পর্বের নির্বাচনে (সদ্য সমাপ্ত) বিজয়ী ইসলামি দলগুলো তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে। এরই পরিপ্রেক্ষিতে সামরিক পরিষদের পক্ষ থেকে গতকাল নিশ্চিত করা হয় যে সংবিধান প্রণয়নে গণপরিষদ গঠনসংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট এবং এর নির্বাচিত সদস্যরা। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র আল আহরাম ও অন্যান্য পত্রিকা গতকাল এ তথ্য প্রকাশ করে।জেনারেল শাহিনের উদ্ধৃতি দিয়ে আল আহরাম আরও জানায়, নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠনে এর সদস্যদের বাছাইয়ের ক্ষেত্রে সরকার, পরামর্শক সভা বা সামরিক পরিষদ কোনো মতামত দিতে পারবে না। তিনি বলেন, এ ক্ষেত্রে পরামর্শক সভার ক্ষমতা হবে খুবই সীমিত। রয়টার্স।