মিসরের পার্লামেন্ট নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত বুধবার আদালত এই আদেশ দেন। আদালতের ওই আদেশের ফলে শুরু হতে যাওয়া নতুন আইনি লড়াইয়ে নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একই সঙ্গে এতে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তাঁর বিরোধীদের মধ্যকার দ্বন্দ্বের জেরে দেশটিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক সংকটও আরও ঘনীভূত হলো।বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট নতুন এই সন্দেহের আবর্তে এটি স্পষ্ট যে, রাজনৈতিক অচলাবস্থা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নড়বড়ে অর্থনীতি ও অব্যাহত বিক্ষোভের মুখে মিসর ক্রমেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে। প্রেসিডেন্ট মুরসি ও তাঁর দল মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ এবং সংঘর্ষ-সহিংসতায় অনেক দিন ধরেই দেশটি নানা সংকটে ঘুরপাক খাচ্ছে।সুয়েজ খালের নগর পোর্ট সৈয়দ ওই সংঘর্ষের অন্যতম একটি কেন্দ্র। এখানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তুমুল লড়াইয়ে রোববার থেকে ছয়জন নিহত হয়েছে। এপি।