মিসরের পার্লামেন্টকে অবৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সর্বোচ্চ আদালত গতকাল বৃহস্পতিবার ইসলামপন্থীদের নেতৃত্বাধীন পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী আহমেদ শফিকের প্রার্থিতার পথে বাধা হয়ে দাঁড়ানো আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করেছেন। মিসরের ক্ষমতাসীন সামরিক পরিষদের একটি সূত্র জানায়, সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্তের ফলে গণ-আন্দোলনে গত বছর সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর যেসব জেনারেল ক্ষমতা গ্রহণ করেছিলেন, তাঁদের হাতেই দেশের ক্ষমতা চলে যাওয়ার পথ সুগম হলো।মিসরের পার্লামেন্ট গত এপ্রিলে একটি আইন পাস করে। ওই আইনে মোবারকের পতন হওয়ার সময় থেকে তার আগের ১০ বছরে তাঁর প্রশাসনে থাকা শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। এমনকি বর্তমানে নিষিদ্ধ মোবারকের দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতাদেরও নির্বাচনে নিষিদ্ধ করা হয়।এ আইনের বলেই প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচন-প্রক্রিয়ার শুরুতে শফিকের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কেননা, তিনি মোবারকের আমলের সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন। অবশ্য, ওই বাতিলের বিরুদ্ধে শফিক আপিল করলে নির্বাচন কমিশন তখন তাঁর প্রার্থিতা বহাল রাখে। পাশাপাশি বিষয়টি আদালতে গড়ায়।বিষয়টি নিয়ে মিসরের সর্বোচ্চ আদালত দ্য সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টে গতকাল শুনানি হয়। শুনানি শেষে আদালত ওই আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন।এ ছাড়া যে আইনে দেশের পার্লামেন্ট পরিচালিত হচ্ছে, সে আইনকেও অবৈধ ঘোষণা করেছেন আদালত। পার্লামেন্ট নির্বাচনসংক্রান্ত আইনের ভোটসংশ্লিষ্ট কিছু অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত। আদালত তাঁর রায়ে ঘোষণা দিয়েছেন, পার্লামেন্ট নির্বাচন সাংবিধানিক ছিল না। ওই নির্বাচন থেকে শুরু করে এ পর্যন্ত পার্লামেন্টে পাস হওয়া সব আইন অবৈধ।এদিকে সেনা পরিষদ গতকাল বৈঠক করেছে। তাৎক্ষণিকভাবে তারা এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে একটি সামরিক সূত্র জানায়, তারা দেশের ক্ষমতা চায় না। কিন্তু আদালতের রায় এবং আইন অনুসারে, এখন তাদের হাতেই আবার ক্ষমতা ফিরে আসছে।গত মাসে মিসরের প্রথম দফা নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি প্রথম এবং আহমেদ শফিক দ্বিতীয় হন। কিন্তু কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নিয়মানুসারে প্রথম ও দ্বিতীয় স্থান পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হবে। আগামীকাল শনিবার ও রোববার এ নির্বাচনে ভোট নেওয়া হবে। এএফপি।