মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে আজ বুধবার ভোট গ্রহণ শুরু হচ্ছে। চলবে কাল বৃহস্পতিবার পর্যন্ত। গণ-আন্দোলনের মুখে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।ঐতিহাসিক এই নির্বাচন চলাকালে সবাইকে শান্ত থাকতে এবং নির্বাচনের ফল যাই হোক না কেন, তা মেনে নিতে প্রার্থী, রাজনৈতিক দল ও রাজনীতিকদের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কামাল আল-গানজুরি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং মিসরের অধিকাংশ জনগণ ভোটের মাধ্যমে যাঁর পক্ষেই রায় দেবেন, তাঁকেই সবাই মেনে নেবেন।সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের উত্তরসূরি নির্বাচনের এই ভোটে মিসরের প্রায় পাঁচ কোটি লোক ভোট দিতে পারবেন। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ভোট গ্রহণের পর ফল প্রকাশিত হবে। চূড়ান্ত ফলে কোনো প্রার্থীই নিরঙ্কুশ জয় না পেলে আগামী মাসে দিতীয় দফা (রান-অফ) নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে অন্যতম হলেন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লিগের প্রধান আমর মুসা, মোবারকের অধীনে দায়িত্ব পালনকারী সর্বশেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক, মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি, ইসলামপন্থী স্বতন্ত্র প্রার্থী আবদেল মোনেইম আবুল ফোতোয়াহ ও নাসেরপন্থী প্রার্থী হামদিন সাব্বাহী। এএফপি।