মিসরের প্রেসিডেন্ট প্রার্থী আহমেদ শফিকের দপ্তরে হামলা, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী এবং সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকের প্রচারণা সদর দপ্তরে গত সোমবার হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। তারা ভবনটিতে আগুন ধরিয়ে দেয় এবং লুট করে নিয়ে যায় শফিকের নির্বাচনী পোস্টার ও কম্পিউটার। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। গণআন্দোলনে গত বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক আগামী ১৬ ও ১৭ জুন অনুষ্ঠেয় দ্বিতীয় দফা নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসির বিরুদ্ধে লড়বেন বলে মিসরের নির্বাচন কমিশন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় এ হামলার ঘটনা ঘটে।আহমেদ শফিকের নির্বাচনী সদর দপ্তরটি রাজধানী কায়রোর দোক্কি এলাকায় অবস্থিত। একজন পুলিশ কর্মকর্তা জানান, হামলার ঘটনায় জড়িত সন্দেহে ওই ভবনের কাছ থেকে আটজনকে আটক করা হয়েছে। হামলা শেষে বিক্ষোভকারীদের অনেকেই কায়রোর তাহরির চত্বরে ফিরে যায়। তারা লুট করে নিয়ে যাওয়া পোস্টারগুলো রাস্তায় ফেলে দেয়। হামলাকারীরা প্রথম দফায় ব্যর্থ হওয়া একজন বামপন্থী প্রার্থীর সমর্থক এবং শফিক ও মুরসি উভয়েরই বিরোধী বলে মনে করা হচ্ছে।হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান একজন দমকল কর্মী।আহমেদ শফিকের নির্বাচনী প্রচারণার একজন কর্মী নিজের বিস্তারিত পরিচয় না দিয়ে বলেন, ‘তারা (বিক্ষোভকারীরা) যখন হামলা করে, তখন আমরা ওই ভবনের ভেতরেই ছিলাম। তারা ভবনের একটি গ্যারেজে আগুন লাগিয়ে দেয়। ওই গ্যারেজে জেনারেল শফিকের নির্বাচনী প্রচারণার সরঞ্জাম রাখা ছিল।’ওই হামলার ঘটনার আগে এক হাজারের মতো বিক্ষোভকারী হোসনি মোবারকবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু তাহরির চত্বরে জড়ো হয়ে শফিকবিরোধী বিক্ষোভ শুরু করে। চত্বরে থামিয়ে রাখা একটি গাড়ির ওপরে একটি পোস্টার সাঁটানো ছিল। যাতে লেখা ছিল, ‘শফিক প্রেসিডেন্ট হতে পারবেন তখনই, যখন আমি মারা যাব।’এর আগে এক সংবাদ সম্মেলনে ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত দেশটির ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনের ফল ঘোষণা করেন দেশটির নির্বাচন কমিশনের প্রধান ফারুক সুলতান। তিনি জানান, নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসি মোট ভোটের ২৪ দশমিক ৭৭ ভাগ পেয়ে প্রথম এবং শফিক ২৩ দশমিক ৬৬ ভাগ পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। কোনো প্রার্থীই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা (মোট ভোটের ৫০ ভাগের বেশি) না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুজন মুরসি ও শফিক ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।প্রথম দফা নির্বাচনের এ ফল দেশটির সাধারণ জনগণ, বিশেষ করে যে তরুণসমাজ মোবারকবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে গভীর হতাশার জন্ম দিয়েছে। কেননা, এখন হয় একজন রক্ষণশীল ইসলামপন্থী, না হয় সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের আমলের পতিত নেতাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। এএফপি ও বিবিসি।