মিসরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মুরসি
মিসরের প্রথম বেসামরিক ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে গতকাল শনিবার শপথ নিয়েছেন মোহাম্মদ মুরসি। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশটির তিনি প্রথম ইসলামপন্থী প্রেসিডেন্টও।স্থানীয় সময় বেলা ১১টায় মুরসি মিসরের সাংবিধানিক আদালতের সামনে শপথ নেন। শপথ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আন্তরিকভাবে প্রজাতন্ত্রের আদেশ সংরক্ষণ করতে, সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং জনগণের স্বার্থের প্রতি সম্পূর্ণরূপে যত্নশীল থাকতে সর্বশক্তিমান আল্লাহর নামে আমি শপথ নিচ্ছি।’ শপথ নেওয়ার পর মুরসি সংক্ষিপ্ত এক ভাষণে একটি ‘বেসামরিক, সাংবিধানিক এবং আধুনিক রাষ্ট্র’ পরিচালনার প্রতিশ্রুতি দেন। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা পার্লামেন্টে। কিন্তু আদালতের রায়ে পার্লামেন্ট বিলুপ্ত হওয়ায় তিনি দেশের সাংবিধানিক আদালতের সামনে শপথ নিতে বাধ্য হন। এর আগে গত শুক্রবার তাহরির স্কয়ারে জড়ো হওয়া লাখো মানুষের সামনে প্রতীকী শপথ নেন মুরসি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মুরসি কায়রো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। সেখানে প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার কথা।মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসি প্রেসিডেন্ট নির্বাচনে ৫১ দশমিক ৭৩ শতাংশ ভোট পেয়ে হোসনি মোবারকের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিককে পরাজিত করেন। সব মিসরীয়র প্রেসিডেন্ট হওয়ার প্রত্যয় ব্যক্ত করে মুরসি নির্বাচিত হওয়ার পর ব্রাদারহুড থেকে পদত্যাগ করেন। তবে মিসরে গণতন্ত্রের অগ্রযাত্রা টিকিয়ে রাখতে তাঁকে এখন থেকে দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে হবে। কেননা, ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেস (স্কাফ) প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করতে আগেই নানা ব্যবস্থা নিয়ে রেখেছে। সম্প্রতি দেশটির ইসলামপন্থীদের নিয়ন্ত্রণাধীন পার্লামেন্ট আদালতের রায়ে বিলুপ্ত হয়। এরপর স্কাফ এক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে পার্লামেন্টের ক্ষমতা নিজেদের হাতে নেয়।এ ছাড়া তারা একটি শক্তিশালী জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করেছে। এই কাউন্সিলের প্রধান প্রেসিডেন্ট মুরসি। তবে তাঁর আশপাশের সবাই সেনাবাহিনীর জেনারেল। বস্তুত, পরিষদের নিয়ন্ত্রণ ওই জেনারেলদের হাতেই থাকছে। পাশাপাশি আদালতের রায়ে দেশের পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার পর একটি সাংবিধানিক পরিষদ নিয়োগের ক্ষমতাও চলে গেছে সেনাবাহিনীর হাতে।তবে শুক্রবার তাহরির স্কয়ারে দেওয়া ভাষণে মুরসি তাঁর ক্ষমতা খর্ব করার চেষ্টার ব্যাপারে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত দিয়ে লাখো মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই ক্ষমতা ও বৈধতার উৎস...অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো স্থান নেই।’ এ ছাড়া যে গণ-আন্দোলনের মাধ্যমে গত বছর হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেই অভ্যুত্থানের লক্ষ্য সমুন্নত করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় মুসলিম ব্রাদারহুডের স্বপ্নের কথা উল্লেখ করলেও অন্যান্য দলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার ঘোষণা দেন মুরসি। এ ছাড়া তাহরির স্কয়ারের ভাষণে তিনি দেশটির মোট জনসংখ্যার ১০ ভাগ প্রতিনিধিত্বকারী খ্রিষ্টান সংখ্যালঘুদের বিষয়েও বেশ সতর্ক ছিলেন। তিনি আরব, মিসরীয় মুসলিম এবং মিসরীয় খ্রিষ্টানদের জন্য একটি ‘বেসামরিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এএফপি ও রয়টার্স।