মিসরের প্রেসিডেন্টের সামনে অর্থনীতির কঠিন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের অর্থনীতি ব্যাপকভাবে পর্যটন খাতের ওপর নির্ভরশীল। কিন্তু সরকারবিরোধী গণ-আন্দোলনের অস্থিরতা এ খাতে ধস নামিয়েছে, যার ভয়াবহ প্রভাব পড়েছে সরাসরি দেশের অর্থনীতিতে। বিশ্লেষকেরা বলছেন, এখন দেশের ধসে পড়া অর্থনীতি উদ্ধার করাই নবনির্বাচিত প্রেসিডেন্ট ইসলামপন্থী মোহাম্মদ মুরসির সামনে বড় চ্যালেঞ্জ।মিসরে একসময়ের নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসিকে গত রোববার গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়। গণ-আন্দোলনে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে উৎখাতের ১৮ মাসের মাথায় একজন নির্বাচিত নেতা পেয়েছে মিসরীয়রা। বিজয়ী ঘোষিত হওয়ার পর এখন সরকার গঠনে কাজ করছেন মুরসি। তাঁর একজন ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, মুরসি তাঁর প্রধানমন্ত্রী হিসেবে একজন ‘নিরপেক্ষ জাতীয় ব্যক্তিত্ব’ খুঁজছেন। এ লক্ষ্যে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই হবেন ‘টেকনোক্রেট’।তবে বিশ্লেষকেরা বলছেন, এই ইসলামপন্থী নেতার সামনে কঠিন যুদ্ধ অপেক্ষা করছে। তা হলো অর্থনীতির চাকা সচলের যুদ্ধ। পর্যটন খাতে দেশের আয় কমেছে ব্যাপক হারে। ঘাটতি আকাশছোঁয়া। এসব কারণেই বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে।আরব ইনভেস্টমেন্ট ব্যাংকের সাবেক প্রধান মোনা ইসমাইল বলেন, ‘এখন পর্যন্ত এই ইসলামপন্থীদের একটি পরিষ্কার এবং বিশদ কর্মসূচি নেই। চ্যালেঞ্জ মোকাবিলায় মুরসির সামনে একমাত্র পথ হচ্ছে সাহায্যের সন্ধান করা এবং ব্রাদারহুডের বাইরের বিশেষজ্ঞদের নিজের পাশে রাখা।ব্রাদারহুডের মধ্য থেকে অনেক প্রখ্যাত ব্যবসায়ী উঠে এসেছেন এটা স্বীকার করেন ইসমাইল। তবে তাঁর মতে, আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা এবং অর্থনীতিকে সঠিক পথে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব সুচারুরূপে সম্পাদনে বিশেষজ্ঞদের পরামর্শের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করা।’কায়রো বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিষয়ে ১৯৭৫ সালে স্নাতকোত্তর শেষ করা এবং পরে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেওয়া মুরসি প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিতে এরই মধ্যে ব্রাদারহুড থেকে পদত্যাগ করেছেন। তবে নির্বাচনী প্রচারাভিযানকালে তিনি বাজার অর্থনীতি ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিলেন, যেটা ব্রাদারহুডের চাওয়ারই প্রতিধ্বনি। এ ছাড়া মুরসি সামাজিক সহযোগিতা ব্যবস্থা বিকশিত করারও ঘোষণা দেন। তবে নিজের কৌশলের বিষয়ে তিনি কোনো কিছু বলেননি। অবশ্য মুরসিকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণার দুই দিন পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঘোষণা দিয়েছে, তারা মিসরের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটিকে সহায়তায় প্রস্তুত। ঋণদাতা এই আন্তর্জাতিক সংস্থাটির একজন মুখপাত্র বিষয়টি আরও নির্দিষ্ট করে বলেছেন, মিসরের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা ঘোরানো দরকার এবং সরকারি রাজস্ব খাত ও অন্য যেসব বিষয়ে ভারসাম্য নেই, সেগুলোয় ভারসাম্য আনা দরকার।দেশের পর্যটন খাতে আগের সুদিন ফেরাতে মুরসিকে উপায় খুঁজে বের করতে হবে। রাজস্ব খাতের বড় উৎস হওয়ার পাশাপাশি চাকরির ক্ষেত্রেও বড় গুরুত্ব রয়েছে পর্যটন খাতের। মোবারকবিরোধী আন্দোলন শুরুর পর থেকেই এই খাতটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়, যার রেশ কাটেনি এখনো। এএফপি। আমি সব মিসরীয়র: মুরসি: পড়ুন চলতি বিশ্বে