মিসরের বিক্ষোভে গোপনে ইন্ধন জোগাচ্ছে যুক্তরাষ্ট্র!
যুক্তরাষ্ট্রের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের কোনো বন্ধু নেই, যুক্তরাষ্ট্রের আছে শুধু স্বার্থ।’ কিসিঞ্জারের সেই সত্য বয়ান আরও একবার যথার্থ প্রমাণ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ঢোল পিটিয়ে বলে, মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম মিত্র। এখন জানা যাচ্ছে, মোবারকের পদত্যাগের দাবিতে উত্তাল আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। তারা পেছন থেকে ইন্ধন জোগাচ্ছে বিক্ষোভকারীদের। উইকিলিকসে ফাঁস হওয়া গোপন নথির ভিত্তিতে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকা গতকাল শনিবার এ কথা জানিয়েছে।প্রেসিডেন্ট মোবারকের সরকারকে বরাবর সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ফাঁস হওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে, মোবারককে নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে প্রকাশ্যে প্রচার করে এলেও ভেতরে ভেতরে তারা ভিন্নমতাবলম্বী গণতন্ত্রপন্থীদের সমর্থন দিয়ে এসেছে।কায়রোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্গারেট স্কোবি ২০০৮ সালের ৩০ ডিসেম্বর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে একটি গোপন বার্তা পাঠান। ওই বার্তায় তিনি জানান, মিসরে সরকারবিরোধীদের একটি অংশ মোবারককে উৎখাতের পরিকল্পনা করছে। ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তারা এটি করতে চায়। আর এ পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছেন এক ভিন্নমতাবলম্বী তরুণ নেতা। তাঁর সংগঠনটির নাম এপ্রিল ৬ মুভমেন্ট।রাষ্ট্রদূত স্কোবি জানান, ওই ভিন্নমতাবলম্বী নেতা দাবি করেছেন, বিরোধীদের বড় একটি অংশ সরকার পরিবর্তনের পরিকল্পনায় সমর্থন দিতে রাজি হয়েছে। তাঁরা চান, দুর্বল প্রেসিডেন্ট-শাসিত পদ্ধতির পরিবর্তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র চালু করতে। তবে বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় ওই পরিকল্পনাটিতে লিখিত রূপ দেওয়া হয়নি।অবশ্য এই অবাস্তব পরিকল্পনা আদৌ কাজ দেবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রদূত স্কোবি। তখন ওই নেতা মার্কিন প্রশাসনের সহায়তা কামনা করেন।ফাঁস হওয়া অন্যান্য নথিপত্র থেকে জানা গেছে, মার্কিন প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পান ওই ভিন্নমতাবলম্বী তরুণ নেতা। ওই সময়ই কায়রোর মার্কিন দূতাবাসের সহযোগিতায় নিউইয়র্কে তরুণ নেতা-কর্মীদের একটি সম্মেলনে যোগ দেন। তখন দূতাবাস থেকে ওয়াশিংটনকে সতর্ক করে দেওয়া হয় যে ওই নেতার পরিচয় যেন গোপন রাখা হয়; তা না হলে দেশে ফেরার পর তাঁর সমস্যা হবে।জানা গেছে, গত মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর ওই ভিন্নমতাবলম্বী নেতাকে আটক করেছে মিসরের নিরাপত্তা বাহিনী। কিন্তু তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কায়রোর ওপর চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন।উইকিলিকসে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, কায়রোর মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ২০০৮ সালের পর থেকে ওই ভিন্নমতাবলম্বী নেতার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।গত মঙ্গলবার থেকে মিসরের প্রেসিডেন্ট মোবারকের পতনের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। ওই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এপ্রিল ৬ মুভমেন্ট নামের একটি সংগঠন। ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের বিভিন্ন ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করে তারা আন্দোলনের পক্ষে প্রচারণা চালাচ্ছে। গত শুক্রবার জুমার নামাজের পর প্রেসিডেন্টবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছোড়ে। এরপরই খড়গহস্ত হয়েছে মোবারক সরকার। আটক করেছে আন্দোলনে নেতৃত্বদানকারী মোহাম্মদ এলবারাদিকে। মন্ত্রিসভা ভেঙে দিয়ে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। নামানো হয়েছে সেনাবাহিনী।এ অবস্থায়ও কী ‘মিত্র’ মোবারকের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা? না, তিনি বলেননি, জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রবার্ট গিবস। বরং বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করা, গণতন্ত্র, সংস্কার, মানবাধিকার—এসব নিয়েই কথা বলছেন ওবামা। টেলিগ্রাফ, টাইম সাময়িকী।