মিসরের মন্ত্রিপরিষদের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের মন্ত্রিপরিষদ গতকাল সোমবার রাতে পদত্যাগ করেছে। তাহরির স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভ গতকাল চতুর্থ দিনে গড়ানোর পর মন্ত্রিপরিষদ পদত্যাগের সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে গত চার দিনের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার ৮০০ মানুষ।মন্ত্রিপরিষদের মুখপাত্র মোহামেদ হেগাজে জানান, গতকাল রাতে প্রধানমন্ত্রী এসাম শরাফ গোটা মন্ত্রিপরিষদের পক্ষে সশস্ত্র বাহিনীর ক্ষমতাসীন সামরিক সুপ্রিম কাউন্সিলের কাছে পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কাউন্সিলও পদত্যাগপত্র গ্রহণ করেছে।হেগাজে জানান, দেশে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ পদত্যাগ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে তাহরির স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তারা বিক্ষোভকারীদের লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ও হাতবোমা নিক্ষেপ করে।রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রোরবার রাত ও সোমবার সকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এ সময় নিরাপত্তা বাহিনী তাদের ওপর গুলি চালায়। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।বিক্ষোভকারীরা জানায়, ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিল ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছে। গত ফেব্রুয়ারিতে ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের পর ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির নেতৃত্বে সামরিক সুপ্রিম কাউন্সিল ক্ষমতা নেয়। তানতাবির দীর্ঘদিন মোবারক সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। বিক্ষোভকারীরা তাঁর পদত্যাগের দাবি করছে। হোসনি মোবারকের পদত্যাগের পর মিসরে এটা সবচেয়ে বড় বিক্ষোভ।রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, গতকাল সকালে নিরাপত্তা বাহিনী ও তাহরির স্কয়ারের প্রধান মসজিদের ইমামের মধ্যে একটি সমঝোতা হয়। ইমাম শেখ মাজহার শাহিন জানান, সমঝোতা অনুযায়ী সরকারবিরোধীরা তাহরির স্কয়ারের মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যেতে পারবে, তবে রাস্তায় বিক্ষোভ করতে পারবে না।গত রোববার তাহরির স্কয়ার ছাড়াও আলেকজান্দ্রিয়া, সুয়েজ, আসওয়ানসহ কয়েকটি শহরে বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধীরা সামরিক কাউন্সিল প্রণীত খসড়া সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীদের মতে, খসড়া এ সংবিধানে বেসামরিক সরকার নির্বাচিত হওয়ার পরও সামরিক বাহিনীর হাতে অনেক ক্ষমতা থেকে যাবে। বিবিসি ও এএফপি।:n: