মিসরের সামরিক সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক শাসন অবসানের দাবিতে মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে গতকাল শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত সপ্তাহে কায়রোতে সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গতকাল এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। গত সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়। সংঘর্ষ চলাকালে সেনারা একজন নারীকে বেদম পিটুনি দেয়। এই ভিডিওচিত্র বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। এদিকে মিসরের সেনা সমর্থকেরাও গতকাল পার্শ্ববর্তী আব্বাসিয়ায় বিক্ষোভের পরিকল্পনা করে। গত ফেব্রুয়ারিতে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদ মিসরের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করে। গত দুই মাসে মিসরের সামরিক সরকারবিরোধী কর্মী ও সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়। মোবারকের পতনের পর পার্লামেন্টের প্রথম দফার নির্বাচনও আড়ালে পড়ে আছে। বর্তমানে পার্লামেন্টের দ্বিতীয় দফার নির্বাচনে ভোট গণনা চলছে।পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা এগিয়ে রয়েছে। তবে ব্রাদারহুড গতকালের বিক্ষোভে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। ব্রাদারহুড আগামী জুনের মধ্যে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। এএফপি ও রয়টার্স।