মিসরের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাণনাশের চেষ্টা

মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম গতকাল বৃহস্পতিবার এক হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। রাজধানী কায়রোর একটি সড়কে তাঁর গাড়িবহরে বোমা হামলা করা হয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে কায়রোর নাসর সিটি এলাকায় মোহাম্মদ ইব্রাহিমের বাসভবনের কাছে ওই গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় গাড়িটি সড়কে পার্ক করে রাখা ছিল। কায়রোয় গত কয়েক বছরের মধ্যে এ রকম হামলা এটাই প্রথম।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওই হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, বিস্ফোরণে অজ্ঞাতসংখ্যক বেসামরিক লোক আহত এবং কয়েকটি দোকান বিধ্বস্ত হয়েছে। অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
বার্তা সংস্থা রয়টার্সকে নিরাপত্তা সূত্রগুলো জানায়, হামলাকারীদের মধ্যে দুজনকে হত্যা করেছে পুলিশ।
আল-জাজিরাকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবাদদাতা বলেন, কিছু দিন ধরে হত্যার হুমকি পাচ্ছিলেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন। এর পর থেকে তিনি সুসজ্জিত বহর নিয়ে চলাফেরা করছিলেন।
বোমা হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী এর নিন্দা করতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে উপস্থিত হন। এ হামলার মধ্য দিয়ে মিসরে ‘সন্ত্রাসবাদের নতুন ঢেউ’ শুরু হলো কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ যা ঘটল, সেটি শেষ নয় বরং শুরু।’
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের বিরুদ্ধে গত মাস থেকে চলা পুলিশের সহিংস দমন অভিযানের মধ্যে এ বোমা হামলার ঘটনা ঘটল। এএফপি ও আল-জাজিরা।