মিসৌরিতে টর্নেডোয় মৃতের সংখ্যা বেড়ে ১১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জপলিন শহরে টর্নেডোয় মৃতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১১ শতাধিক মানুষ। গত রোববার টর্নেডো সেখানে আঘাত হানে। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।টর্নেডোয় শহরের বিদ্যুৎ ও টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজ্যের ওপর দিয়ে আরও ঝড় বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে ইউরোপ সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।জপলিন গ্লোব সংবাদপত্র জানিয়েছে, টর্নেডোয় আহত ১১ শতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহরের বিদ্যুৎ ও টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।শহরের অগ্নিনির্বাপনব্যবস্থার প্রধান মিচ রান্ডেলস জানান, শহরের এক-চতুর্থাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে দুই হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। শহরের প্রধান চিকিৎসাকেন্দ্র সেন্ট জন্স রিজিওনাল মেডিকেল সেন্টারও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত ব্যক্তিদের সেখানে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। মিসৌরি সাউদার্ন স্টেট ইউনিভার্সিটি এলাকা গৃহহীন ও ক্ষুধার্ত মানুষের প্রধান আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এএফপি, বিবিসি।