মিয়ানমার থেকে বহিষ্কার হওয়ায় 'মর্মাহত' এমএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার আদেশে ‘গভীরভাবে মর্মাহত’ আন্তর্জাতিক ত্রাণ সংগঠন মেদসা সঁ ফঁটিয়েখ (ডক্টরস উইদাউট বর্ডারস)। ফ্রান্সভিত্তিক সংগঠনটি বলেছে, তারা এইডস, ম্যালেরিয়া, যক্ষ্মাসহ বিভিন্ন রোগে আক্রান্ত যে হাজার হাজার লোকের চিকিৎসাসেবা দিয়ে আসছিল, তাদের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের একজন মুখপাত্র বিবিসির কাছে অভিযোগ করেন, মেদস সঁ ফ্রতিয়েখ (এমএসএফ) দেশটির রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করছিল। সেবা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের চেয়ে তারা মুসলিম রোহিঙ্গাদের বেশি গুরুত্ব দিয়ে থাকে। এ অভিযোগেই সংগঠনটির কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেয় মিয়ানমার সরকার।
সাম্প্রদায়িক সহিংসতা-কবলিত রাখাইনে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া সবচেয়ে বড় সংগঠনগুলোর একটি হচ্ছে এমএসএফ। সাম্প্রতিক সহিংসতায় বাড়িঘর ছাড়া হওয়া হাজার হাজার রোহিঙ্গাকে জরুরি সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গারা গত কয়েক দশক ধরে ব্যাপক বৈষম্যমূলক আচরণের শিকার। বর্তমানে তাদের নাগরিকত্বের স্বীকৃতি নেই। বিভিন্ন মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত। বিশেষ করে ২০১২ সালের জুন মাস থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা চলেছে। এতে হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে বিভিন্ন অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়।
এমএসএফ বলছে, মিয়ানমারে আর কোনো চিকিৎসাবিষয়ক প্রতিষ্ঠান নেই, যারা তাদের সমপরিমাণ কার্যক্রম পরিচালনা করে। বিবিসি।