মিয়ানমার সফরে গেলেন চীনা প্রধানমন্ত্রী জিয়াবাও
দুই দিনের সফরে গতকাল বুধবার মিয়ানমারে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। ১৬ বছরের মধ্যে এই প্রথম কোনো চীনা প্রধানমন্ত্রী মিয়ানমার সফরে গেলেন।কড়া নিরাপত্তার মধ্যে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। দুই দশকের মধ্যে মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম নির্বাচনের আগে দেশটি সফরে গেলেন তিনি। চলতি বছরের শেষের দিকে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।মিয়ানমারের একজন কর্মকর্তা জানান, ওয়েন জিয়াবাওয়ের সফরের সময় দুই দেশের মধ্যে জ্বালানি ও জলবিদ্যুৎ প্রকল্পসংশ্লিষ্ট চুক্তিসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।চীন মিয়ানমারের প্রধান মিত্রদেশ ও বাণিজ্যের অংশীদার। মিয়ানমারের বড় আকারের প্রাকৃতিক সম্পদ খাতে বিনিয়োগ করতে দারুণ আগ্রহী চীন। গত নভেম্বরে চীনের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী সংস্থা মিয়ানমারজুড়ে পাইপলাইন নির্মাণের কাজ শুরু করেছে।গত আগস্টে মিয়ানমারের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে জাতিগত বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াইয়ের কারণে হাজার হাজার শরণার্থী চীনে পাড়ি জমাতে বাধ্য হয়। এ নিয়ে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল।মিয়ানমারের জান্তাপ্রধান সিনিয়র জেনারেল থান শোয়ে ও অন্যান্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিডো যাবেন জিয়াবাও। এ ছাড়া নেপিডোতে মিয়ানমার আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি। চীনের অর্থায়নে সম্মেলনকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এএফপি।