মিয়ানমার সফরে জাতিসংঘের বিশেষ মানবাধিকার দূত
জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকারবিষয়ক একজন বিশেষজ্ঞ রোববার রাতে মিয়ানমারে পৌঁছেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের প্রচেষ্টা শেষ পর্যন্ত মুসলিমনিধন কর্মসূচিতে রূপ নিতে পারে—জাতিসংঘ এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করার কয়েক দিনের মাথায় তিনি এ সফর করছেন।জাতিসংঘের বিশেষ দূত হলেন টমাস ওজেয়া কুইনটানা। তিনি ইয়াংগুন শহরে সফরে রয়েছেন। সেখান থেকে তাঁর রাখাইন রাজ্যে যাওয়ার কথা। এ ছাড়া তিনি দেশটির প্রেসিডেন্ট ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর মাত্র কয়েক দিন আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান নেভি পিল্লাই মন্তব্য করেন, রাখাইন রাজ্যের মুসলিমেরা, বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। শুক্রবার তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা নিরপেক্ষ সূত্র থেকে অনেক প্রতিবেদন পেয়েছি, যেখানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী আচরণ করার অভিযোগ করা হয়েছে। এমনকি সহিংসতায় তাদের ইন্ধন ও সম্পৃক্ততার বিষয়েও অভিযোগ উঠেছে।’ কূটনীতিক কুইনটানা বলেছেন, গত বছর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট থেইন সেইনের অধীনে মিয়ানমার সংস্কারের বিষয়ে ‘গুরুত্বপূর্ণ’ অগ্রগতি সাধন করেছে। এএফপি।