মিয়ানমার সফরে বান কি মুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন তিন দিনের সফরে গতকাল রোববার মিয়ানমারে পৌঁছেছেন। গণতান্ত্রিক সংস্কারে উৎসাহ জোগাতে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এবং সরকারের সঙ্গে বৈঠক করবেন তিনি।বিশেষ বিমানে করে জাতিসংঘ মহাসচিব গতকাল মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছান। সেখানে দেশের শীর্ষ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। গতকাল বিকেলেই তাঁর দেশটির নতুন রাজধানী নেপিডো যাওয়ার কথা। আজ সোমবার মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করবেন মুন। জাতিসংঘের তথ্য কর্মকর্তা আয়ি উইন এ তথ্য জানিয়েছেন।মিয়ানমারে দীর্ঘদিন সামরিক শাসন চলার পর ২০১০ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সেনাসমর্থিত বেসামরিক সরকার ক্ষমতায় আসে। নতুন সরকার গণতান্ত্রিক সংস্কারের চেষ্টা করছে। এই সংস্কার-প্রক্রিয়াকে স্বাগত জানাতে দেশটি সফর করছেন মুন। আজ সোমবার দেশটির পার্লামেন্টে বক্তব্য দেবেন তিনি। এ সময় সু চিও পার্লামেন্টে উপস্থিত থাকবেন। ১ এপ্রিল পার্লামেন্টের উপনির্বাচনে সু চি একটি আসনে জয়লাভ করেন। কিন্তু সেনাদের রচিত সংবিধান অনুযায়ী শপথ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন তিনি।মহাসচিব আগামীকাল মঙ্গলবার ইয়াঙ্গুনে সু চির সঙ্গে বৈঠক করবেন। এএফপি।