মিয়ানমার সফরে যাচ্ছেন ইউরোপীয় কমিশন-প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো মিয়ানমার সফরে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কূটনৈতিক উদ্দেশে তিনি দেশটির রাজধানী নেপিডো সফর করবেন। গত বছর মিয়ানমারে সংস্কার শুরুর পর বারোসোয় নতুন কোনো পশ্চিমা সংস্থার নেতা, যিনি সেখানে সফরে যাচ্ছেন। সম্প্রতি মিয়ানমারের ওপর থেকে বেশ কিছু পশ্চিমা অবরোধ তুলে নেওয়া হয়েছে। এ জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটিতে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে। সফরকালে বারোসো সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গাদের দুরবস্থা নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনা করবেন। গত দশকে মিয়ানমারের ওপর পশ্চিমা দেশগুলোর কঠোর অবরোধের কারণে দেশটির সঙ্গে ইইউয়ের বাণিজ্যিক সম্পর্কের মারাত্মক অবনতি হয়। নিপীড়নমূলক জান্তা শাসনের জন্য ইইউয়ের সদস্য দেশগুলো মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সংস্কার-প্রক্রিয়া শুরু হওয়ায় ইইউ মিয়ানমারকে উন্নয়ন-সহায়তা হিসেবে ২০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে স্বল্প আয়ের দেশগুলোর মতো মিয়ানমারকে বাণিজ্যিক সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে ইইউ। এ ছাড়া তারা দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার ও সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যকার সহিংসতা নিরসনে একটি নতুন ‘শান্তি কেন্দ্রের’ জন্য তহবিলও জোগাবে। বিবিসি।