মিয়ানমার ২০১৪ সালের চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা তাঁদের আঞ্চলিক জোট আসিয়ানের ২০১৪ সালের শীর্ষ সম্মেলনে মিয়ানমারকে চেয়ারম্যানের পদ দিতে রাজি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে শুরু হওয়া জোটের ১৯তম শীর্ষ সম্মেলনে এ ব্যাপারে একমত হন তাঁরা।ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারতি নাতালিগাওয়া বলেন, সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের নেতারা এ ব্যাপারে একমত হয়েছেন যে মিয়ানমারে উল্লেখযোগ্য পরিবর্তন ও উন্নয়ন হয়েছে। এই পরিবর্তনের ফলে মিয়ানমান এখন আসিয়ানের চেয়ারম্যান হওয়ার মতো দায়িত্ব নিতে সক্ষম। এ কারণে এই পদ পাওয়ার ব্যাপারে তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টায় এক ধাপ এগিয়ে গেল মিয়ারমার। কিছু সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে এই চেষ্টা চালাচ্ছে মিয়ানমারের নতুন বেসামরিক সরকার। এদিকে ঋণের দায়ে জর্জরিত ইউরোজোনের দেশগুলোর চলতি সংকটে আসিয়ানভুক্ত দেশের রপ্তানি বাজার সংকুচিত হয়ে আসছে। এই প্রেক্ষাপটে এসব দেশের নিজেদের ভেতর যে বিশাল অভিন্ন বাজার রয়েছে, এটিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চাপ বাড়ছে ১০ সদস্যবিশিষ্ট জোটের নেতাদের ওপর। গতকাল আসিয়ান শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন বর্তমান চেয়ারম্যানের পদে থাকা বর্তমান সভাপতি দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো। গোটা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দার আবর্তে ঘুরপাক খাচ্ছে, এ সময় জোটের দেশগুলো নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রেখে তা আরও শক্তিশালী করার দিকে এগিয়ে যেতে পারবে বলে ইউধোইয়োনো আশাবাদ ব্যক্ত করেছেন। সম্মেলনে আলোচ্যসূচির মধ্যে জোটের কয়েকটি দেশের সঙ্গে চীনের সমুদ্রসীমা নিয়ে বিরোধের বিষয়টিও রয়েছে। কাল শনিবার সম্মেলনে যোগ দেওয়ার আগে আসিয়ান নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসিয়ানের সদস্যদেশগুলো হলো—ফিলিপাইন, ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। এএফপি, রয়টার্স, সিনহুয়া।