মিয়ানমার ৪৫২ বন্দীকে মুক্তি দিচ্ছে
মিয়ানমার কর্তৃপক্ষ ৪৫২ জন কারাবন্দীকে মুক্তি দেবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফর সামনে রেখে সদিচ্ছার আভাস হিসেবে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।যাঁদের মুক্তি দেওয়া হবে, তাঁদের মধ্যে কিছু ভিন্নমতাবলম্বী রাজনীতিবিদও রয়েছেন। কিন্তু তাঁদের সংখ্যা কত, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মানবাধিকার গোষ্ঠীগুলো জানায়, এতে প্রায় ৩০০ রাজনৈতিক কারাবন্দী রয়েছেন।আগে যাঁদের সাধারণ ক্ষমা করা হয়েছে, তাঁদের মধ্যে অনেক সাধারণ কারাবন্দী ছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সর্বশেষ সাধারণ ক্ষমায় কিছু বিদেশি নাগরিকও মুক্তি পেয়েছেন।বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথমবারের মতো মিয়ানমার সফরে আসছেন। ওবামার এ সফরের উদ্দেশ্য হচ্ছে মিয়ানমারে গত বছর শুরু হওয়া সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে দেশটির সরকারকে উৎসাহ দেওয়া। বিবিসি।