মিয়ানমারকে আসিয়ান থেকে বহিষ্কারের আহ্বান
দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের সদস্যদেশগুলোর শতাধিক আইনপ্রণেতা মিয়ানমারের ওপর অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁরা জোট থেকে দেশটিকে বহিষ্কারের প্রস্তাব বিবেচনা করারও আহ্বান জানান। গতকাল বুধবার ভিয়েতনামে আসিয়ান সম্মেলন শুরুর প্রাক্কালে এ আহ্বান জানানো হয়। আজ বৃহস্পতিবার সদস্যদেশগুলোর শীর্ষ নেতাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে।আইনপ্রণেতারা বলেন, অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের বার্ষিক এ সম্মেলনে মিয়ানমারের আসন্ন নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা করা উচিত। আইনপ্রণেতারা মিয়ানমারের নতুন নির্বাচনী আইনের নিন্দা জানান। এ বছরের শেষভাগে মিয়ানমারে নির্বাচন হওয়ার কথা। দুই দশকের মধ্যে এটাই মিয়ানমারে প্রথম নির্বাচন। নতুন নির্বাচনী আইনকে অবৈধ দাবি করে সে দেশের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) এরই মধ্যে ওই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।আবেদনে আসিয়ান দেশগুলোর আইনপ্রণেতারা বলেন, দেশের শাসনব্যবস্থা সংস্কারের ব্যাপারে আসিয়ানের আহ্বান মিয়ানমারের জান্তা অনেক দিন ধরেই উপেক্ষা করে আসছে। এ জন্য তাদের বিরুদ্ধে একটি নতুন ও সুনির্দিষ্ট পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে দ্রুত কঠোর ও সুনির্দিষ্ট অর্থনৈতিক অবরোধ আরোপ করা উচিত আসিয়ানের। আইনপ্রণেতারা আরও বলেন, পাশাপাশি এই জোট থেকে দেশটির সদস্যপদও স্থগিত করা উচিত এবং দেশটিকে পুরোপুরি বহিষ্কারের প্রস্তাবও বিবেচনায় নেওয়া উচিত। কারণ নতুন আসিয়ান সনদের মূলনীতির সঙ্গে সংগতি বজায় রাখতে দেশটির বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। এএফপি।