মিয়ানমারকে সতর্ক করলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারকে সতর্ক করে দিয়ে বলেছেন, জাতিগত ও ধর্মীয় সংঘাত দেশটিকে ‘খুবই খারাপ পরিস্থিতির’ দিকে নিয়ে যেতে পারে। মালয়েশিয়া সফরকালে গতকাল রোববার তিনি এ কথা বলেন।
মিয়ানমারে একজন সামরিক জান্তার নেতৃত্বে শুরু হওয়া রাজনৈতিক সংস্কারের ‘সাহসী পদক্ষেপ’-এর প্রশংসা করেন ওবামা। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বহু বছরের দমননীতির পর শুরু হওয়া গণতন্ত্রায়ণের প্রক্রিয়া বিপদ ডেকে আনছে। মুসলিমদের ওপর দমন-পীড়ন বন্ধ না করলে মিয়ানমার সফল হতে পারবে না।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে বলেন, লোকজন ধর্মীয় বা জাতিগত পরিচয়ে সংগঠিত হওয়া শুরু করলে তা সংঘাত ডেকে আনবে। তখন মিয়ানমারের পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।
মস্কোর বিরুদ্ধে আবার হুঁশিয়ারি: ইউক্রেনকে অস্থিতিশীল করতে মস্কোর ‘উসকানির’ বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো আরও জোরালো পদক্ষেপ নেবে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এশিয়া সফরের অংশ হিসেবে কুয়ালালামপুরে অবস্থানকালে তিনি ইউরোপে সংকটের মুখে বৈশ্বিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এএফপি।