মিয়ানমারজুড়ে রাজনৈতিক সফর করবেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী মাসে সারা দেশে রাজনৈতিক সফরের পরিকল্পনা করেছেন। গতকাল সোমবার এক ভিডিও কনফারেন্সে তিনি এ পরিকল্পনার কথা জানান। হংকং বিশ্ববিদ্যালয়ে ভিডিও কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ এক হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর গত নভেম্বরে সু চিকে মুক্তি দেয় দেশটির সামরিক জান্তা। দেশে নিজের জনপ্রিয়তা ও চলাফেরার ক্ষেত্রে কতটুকু স্বাধীনতা রয়েছে তা পরীক্ষার জন্য সফর করার পরিকল্পনা করেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই নেত্রী। ভিডিও কনফারেন্সে দেশ সফরের এ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আগামী জুনে সফরে বের হওয়ার আশা করছি। তবে কোথায় কোথায় যাচ্ছি তা এখনো বলতে পারছি না। আমরা এ বিষয়টি নিয়ে এখন কাজ করছি।’ তিনি বলেন, দেশসফরের সময় আমাকে নিরাপত্তা দেওয়া হবে কিনা তা আমি জানি না। তবে সরকারের দায়িত্ব হচ্ছে দেশের প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেওয়া। ৯০ মিনিটের ওই ভিডিও কনফারেন্সে সু চি চীনের মানবাধিকার পরিস্থিতি, চীনের কারাগারে বন্দী শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের রাজনীতিক লিউ জিয়াবোর কারাবাস, আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ঘটনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার ব্যাপারে আরও উদার হওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানান।গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত চীন সরকার বহু আইনজীবী ও রাজনৈতিক কর্মীকে আটক করেছে।সু চি বলেন, ‘চীন একটি বিশাল দেশ। এ দেশের মানুষও অনেক মহান।’ তিনি আরও বলেন, মিয়ানমারে এখন পরিবর্তনের জন্য প্রতিরোধ গড়ে উঠলে তিনি অবাক হবেন না। উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে এখন পরিবর্তনের হাওয়া বইছে। সু চি বলেন, তাঁকে গণতন্ত্রের মানসকন্যা বলে অভিহিত করলে তিনি অস্বস্তি বোধ করেন। তিনি সব রাজনৈতিক কারাবন্দীকে ধৈর্য ধরার এবং নিজ নিজ সক্ষমতার ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান। ওসামা বিন লাদেনের নিহত হওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এর মাধ্যমে এটাই প্রমাণিত হলো, সহিংসতার মধ্য দিয়ে সহিংসতা বন্ধ হয়।’ এএফপি।