মিয়ানমারে আগামী এপ্রিলে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে পার্লামেন্টের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ এপ্রিল এ উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গত শুক্রবার এ খবর প্রকাশিত হয়।বহু কাঙ্ক্ষিত এ উপনির্বাচনের মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল ডেমোক্রেসি (এনএলডি) মূল ধারার রাজনীতিতে ফিরবে। এনএলডি জানায়, উপনির্বাচনে সবগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে তাদের।দুই দশক ধরে মিয়ানমারের মূল ধারার রাজনীতি থেকে দূরে রয়েছে এনএলডি। নির্বাচনী আইনে কড়াকড়ি ও অন্যান্য কারণে ২০১০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন বর্জন করেছিল দলটি। পরে ওই সব কড়াকড়ি অনেকটা শিথিল করে সরকার।আসন্ন উপনির্বাচনে ৪৮টি আসনে ভোট গ্রহণ হবে। পার্লামেন্টের প্রথম অধিবেশনের পর গত জানুয়ারিতে সংশ্লিষ্ট সাংসদেরা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ফলে ওই আসনগুলোর বেশির ভাগই শূন্য হয়ে পড়ে। মোট ৪৪০ আসনবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষে সামরিক বাহিনীর দখলে রয়েছে ১১০টি এবং মোট ২২৪ আসনবিশিষ্ট নিম্নকক্ষে রয়েছে ৫৬টি আসন। এ ছাড়া সামরিক বাহিনীর সমর্থক দলের দখলে রয়েছে অবশিষ্ট আসনগুলোর ৮০ শতাংশ। আসন্ন উপনির্বাচনে এনএলডি যদি সবগুলো আসনে জয়ী হয়, তবু ক্ষমতার ভারসাম্য হবে না।সরকার ঘোষণা দিয়েছে, উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ৩১ জানুয়ারির মধ্যে প্রার্থী তালিকা জমা দিতে হবে। রাজনৈতিক দল হিসেবে গত ২৩ ডিসেম্বর এনএলডির নিবন্ধন সম্পন্ন হয়। এদিকে, সু চিকে রাজনীতিতে প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়ায় দেশ-বিদেশে মিয়ানমার সরকারের গ্রহণযোগ্যতা বাড়ছে। এ ছাড়া, আসন্ন উপনির্বাচন এনএলডির জন্য জনপ্রিয়তা যাচাইয়ের একটি পরীক্ষা হবে। এ ব্যাপারে সতর্ক করে দিয়ে সু চি বলেছেন, সামনে কঠিন পথ এবং গণতন্ত্রের পথ অন্তহীন।মিয়ানমারে ১৯৯০ সালের নির্বাচনে এনএলডি সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৎকালীন সামরিক সরকার ওই ফলাফল অগ্রাহ্য করে। টাইমস অব ইন্ডিয়া।