মিয়ানমারে আদালতের নয়জন বিচারককে অভিশংসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পার্লামেন্ট সাংবিধানিক আদালতের নয়জন বিচারকের সবাইকে অভিশংসন করেছে। সরকার ও পার্লামেন্টকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ এনে এই অভিশংসন করা হয়েছে। সেনাসমর্থিত সরকারি দলের (ইউএসডিপি) পাশাপাশি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিও (এনএলডি) বিচারকদের অভিশংসনের পক্ষে সমর্থন দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, থেইন সেইন নয়জন বিচারকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সাংবিধানিক আদালত গত মার্চে সংসদীয় কমিটির ক্ষমতা সীমিতকরণ এবং মন্ত্রীদের তলব করে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা খর্ব করার নির্দেশ দেন। আদালতের দেওয়া ওই নির্দেশে পার্লামেন্টের সদস্যরা ভীষণ ক্ষুব্ধ হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধের সূত্রপাত হয়। মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশের বেশি সদস্য বিচারকদের অভিশংসন করার পক্ষে ভোট দেন। এর আগে গত মাসে পার্লামেন্টের উচ্চকক্ষ অভিশংসনের প্রস্তাব অনুমোদন করে। বিবিসি।