মিয়ানমারে আফিম চাষ বেড়েছে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা উদ্যোগ সত্ত্বেও মিয়ানমারে আফিম চাষ বেড়েছে। জাতিসংঘ এ তথ্য জানিয়ে বলেছে, দেশটিতে আফিম চাষের জন্য জমির ব্যবহার এ বছর ১৭ শতাংশ (৪০ হাজার থেকে ৫১ হাজার হেক্টর) বেড়েছে। হেরোইন উৎপাদনে আফিম ব্যবহূত হয়।আফগানিস্তানের পর সবচেয়ে বেশি আফিম চাষ হয় মিয়ানমারে। দেশটির শান ও কাচিন প্রদেশে সবচেয়ে বেশি আফিম চাষ হয়। প্রদেশ দুটিতে দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ও আদিবাসী বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে।মিয়ানমার সরকারের এক পরিসংখ্যান উল্লেখ করে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক বিভাগ (ইউএনওডিসি) বলেছে, মিয়ানমারে ২০১২ সালে ২৪ হাজার হেক্টর জমিতে আফিম চাষ বন্ধ করে দেওয়া হয়েছে, যা ২০১১ সালের চেয়ে প্রায় চার গুণ বেশি।ইউএনওডিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধি গ্যারি লুইস বলেন, বাস্তবিক অবস্থা খুবই কঠিন। যেসব এলাকায় আফিম চাষ হচ্ছে, সেখানে অস্ত্র, অর্থ ও মাদকের বিষাক্ত সংমিশ্রণ ঘটছে। এর ফলে সামাজিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে।অভিযোগ আছে, সেনাবাহিনী ও বিদ্রোহীদের ছত্রচ্ছায়ায় ওই দুটি প্রদেশে আফিম চাষ হচ্ছে। কৃষকেরা বলছেন, সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সহিংসতার কারণে লোভনীয় আফিম চাষ ছাড়া তাঁদের সামনে অন্য কোনো পথ খোলা নেই।চলতি বছরের এক জরিপে দেখা গেছে, সারা বিশ্বের ২৫ শতাংশ আফিম চাষ হয় মিয়ানমারে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ারই আরেকটি দেশ লাওসে উৎপাদিত হয় তিন শতাংশ। লাওসে আফিম চাষের জন্য জমির পরিমাণ ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে চার গুণ (ছয় হাজার ৩০০ হেক্টর) বেড়েছে। বিবিসি।