মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালায় শহরে এবার বৌদ্ধ-মুসলিম সহিংসতা ছড়িয়ে পড়েছে। আবার সেই এক বৌদ্ধ নারীকে ধর্ষণের গুজব ছড়িয়ে মুসলিমদের দোকানপাট, বাড়িঘরে হামলা চালিয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। এ সময় সংঘর্ষে অন্তত দুজন নিহত ও অনেকে আহত হয়। স্থানীয় পুলিশ গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে। খবর এএফপি, বিবিসি ও এপির।
উচ্ছৃঙ্খল লোকজন গত মঙ্গলবার মুসলিমদের দোকানপাট ও একটি মসজিদে হামলা চালানোর পর থেকে মান্দালায়ের পরিস্থিতি সহিংস রূপ নেয়।একজন বৌদ্ধ নারী ধর্ষণের শিকার হয়েছে—মুসলমান সম্প্রদায়ের লোকজনকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানো হয়। এই গুজবে সহিংসতার সূত্রপাত হয়। বিক্ষুব্ধ বৌদ্ধ জনতা শহরজুড়ে গত বুধবার পর্যন্ত পর পর দুই রাতে তাণ্ডব চালায়। ওই সহিংসতায় মূলত তরুণদের অংশগ্রহণ দেখা যায়। এ সময় সংঘর্ষে দুজন নিহত হয়। এদের একজন মুসলমান ও আরেকজন বৌদ্ধ সম্প্রদায়ের।পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে শত শত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
দাঙ্গাবাজদের অনেকে যানবাহন, দোকানপাট ও একাধিক মসজিদ ভাঙচুর করে। এ ছাড়া তারা বেশ কয়েকটি বাড়িঘরে ইটপাটকেল ও বোতল ছুড়ে মারে। ধর্ষণের ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মান্দালায়ের পুলিশপ্রধান জ উইন অং বলেন, দাঙ্গার ঘটনায় তদন্ত চলছে। এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা বাহিনী মান্দালায়ে গত মঙ্গল ও বুধবার রাতে রাবার বুলেট ছুড়ে হাজার হাজার দাঙ্গাবাজকে ছত্রভঙ্গ করে দেয়। তাদের অনেকের হাতে লাঠি, ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। তিনি বলেন, ‘আমাদের দেশে বহু জাতি ও ধর্মের সহাবস্থান রয়েছে। সব নাগরিকের সহযোগিতা ও সমন্বিত অবস্থান নিশ্চিত হলেই বর্তমান সংস্কার-প্রক্রিয়া সফল হবে।’
মান্দালায় এলাকায় সংখ্যালঘু মুসিলম সম্প্রদায়ের অন্তত দুই লাখ মানুষের বসবাস। মিয়ানমারে মুসলিমদের ওপর গত তিন বছরে বেশ কয়েক দফা হামলা হয়েছে। অধিকাংশ সহিংসতার কেন্দ্র ছিল পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য। সেখানে ২০১২ সালে এক বৌদ্ধ নারীকে ধর্ষণের গুজব ছড়ানোর পর বৌদ্ধ-মুসলিম দাঙ্গা শুরু হয়।এতে অন্তত ২৫০ জন নিহত ও কয়েক লাখ মানুষ গৃহহীন হয়। দেশটির মধ্যাঞ্চলও সহিংসতামুক্ত ছিল না। ২০১৩ সালে মিকিতা ও কানবুলা শহরে মুসলমানদের ওপর হামলা হয়েছে।
সাবেক সামরিক কর্মকর্তা থেইন সেইনকে মিয়ানমারে নাটকীয় সংস্কার শুরুর কৃতিত্ব দেওয়া হয়। সাবেক জান্তা সরকার ২০১১ সালে একটি নামমাত্র বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। কিন্তু জাতিগত সহিংসতার কারণে সেই সরকার এবং গণতন্ত্রে উত্তরণের উদ্যোগ বেশ ঝুঁকিতে পড়েছে।
মিয়ানমারে ধর্মীয় উসকানি ছড়ানোর জন্য কট্টর বৌদ্ধ ভিক্ষুদের দায়ী করা হয়। ইসলামের কারণে বৌদ্ধধর্ম হুমকির মুখে পড়েছে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।