মিয়ানমারে আসন্ন নির্বাচনে লড়ছেন না জান্তাপ্রধান
আসন্ন নির্বাচনে লড়ছেন না মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল থান শয়ে। ধারণা করা হচ্ছে, নির্বাচন শেষে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এদিকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার জন্য আবারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।জাতিসংঘের মহাসচিব হুঁশিয়ার করে দিয়ে বলেন, ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে মিয়ানমারের রাজনৈতিক কারাবন্দীদের মুক্তি না দিলে ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে বান কি মুন বলেন, এখন বন্দীদের মুক্তি দেওয়া হলে তাঁরা এ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এটা ঠিক। তবু তাঁদের মুক্তি দেওয়ার ঘটনা হবে মন্দের ভালো। সু চির গৃহবন্দিত্বের মেয়াদ আগামী ১৩ নভেম্বর শেষ হচ্ছে। এরপর তাঁকে মুক্তি দেওয়া হবে কি না তা দেশটির কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি। জান্তার নতুন আইন পাসের কারণে সু চি ও তাঁর দলের কারাবন্দী নেতারা এই নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাই জান্তা-সমর্থিত পার্টিই এ নির্বাচনে নিশ্চিত জয়লাভ করবে। গতকাল কম্বোডিয়ার নমপেনে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, মিয়ানমারের সব রাজনৈতিক কারাবন্দীকে মুক্তি না দিলে এ নির্বাচন বৈধতা হারাতে পারে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সম্মেলন (আসিয়ান) চলছে। ওই সম্মেলনে যোগ দিতে হ্যানয়ে যাওয়ার উদ্দেশে নমপেন ছাড়ার আগে বান কি মুন ওই সাক্ষাৎকার দেন। হ্যানয় সম্মেলনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, জান্তা সরকার এই প্রথম নিশ্চিত করেছে, জান্তাপ্রধান ৭ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে নির্বাচনের পর থান শয়ের কী ভূমিকা থাকবে, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী আলবার্তো রামোলো জানিয়েছেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নিয়ান উইন গত বুধবার অনানুষ্ঠানিক নৈশভোজে তাঁকে বলেছেন, জান্তাপ্রধান আসন্ন নির্বাচনে লড়ছেন না, এটা নিশ্চিত। অনেকে ধারণা করছেন, নির্বাচনের পর জান্তাপ্রধানকে মিয়ানমারের প্রেসিডেন্ট করা হবে। এ কারণেই তিনি নির্বাচনে না লড়ার কৌশল হাতে নিয়েছেন। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘থান শয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, এ ব্যাপারে আমি অনেকটা নিশ্চিত।’ এপি।