মিয়ানমারে উপনির্বাচনে ফিরে এলেন অং সান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ছবি টি-শার্টে, পোস্টারে। অথচ সামরিক টুপি ও কোট পরা এই তরুণ বিপ্লবী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে মিয়ানমারের মানুষ তাঁকে মনে রেখেছে। কারণ, মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের নায়ক যে তিনি। তিনি হলেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বাবা জেনারেল অং সান। ‘আমি জেনারেল অং সানের মেয়ে’—উপনির্বাচনের সব জনসভায় সমর্থকদের উদ্দেশে এটাই ছিল সু চির বক্তব্যের প্রধান বাণী। মিয়ানমারের প্রতিটি জায়গায় এখন সু চি ও তাঁর বাবার ছবি। দীর্ঘ সামরিক শাসনের পর গত বছর ‘নির্বাচিত’ সরকার দায়িত্ব নেওয়ার পর দেশটির চেহারা অনেকটাই পাল্টে গেছে। বিতর্কিত ওই নির্বাচন ও সু চির মুক্তির মধ্য দিয়ে মিয়ানমার এখন গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। ১৯৪৭ সালে রহস্যজনকভাবে খুন হন অং সান। তিনি মিয়ানমারের গর্বের প্রতীক। কিন্তু বিগত দুই দশকে মিয়ানমারের মাঠে-ঘাটে তাঁর ছবি কমই দেখা গেছে। জান্তা সরকার চায়নি, এর মাধ্যমে কারারুদ্ধ নেত্রী সু চির প্রতি জনগণের দৃষ্টি পতিত হোক।নিরপেক্ষ মিয়ানমার বিশেষজ্ঞ রিচার্ড হোর্সে বলেন, ‘আগের সামরিক সরকার খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অং সানের মেয়ের রাজনৈতিক প্রভাব হ্রাস করার চেষ্টা করেছে।’নতুন সরকারের সংস্কার পদক্ষেপের অংশ হিসেবে সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) উপনির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট থেইন সেইন। আগামী রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে মিয়ানমার রাজনীতির মূল ধারায় ফিরে আসবে। গত আগস্টে প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধীদলীয় নেত্রী সু চির মধ্যে ঐতিহাসিক এক বৈঠক হয়। ওই বৈঠকের ছবি সবার মধ্যে এক ধরনের আলোড়ন সৃষ্টি করে। একে তো সুচির সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক, তার ওপর যেখানে বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে সু চির বাবার ছবি টাঙানো ছিল। এর মধ্য দিয়ে অং সান ও তাঁর মেয়ের সর্বোচ্চ পর্যায়ে স্বীকৃতির প্রমাণ মিলল। অথচ সাবেক জান্তা সরকার প্রয়াত এই নেতার ছবি স্ট্যাম্প ও টাকা থেকেও দূর করে দিয়েছিল। রিচার্ড হোর্সে বলেন, ‘অং সানের প্রতিকৃতির নিচে থেইন সেইন ও সু চির বৈঠকের ছবিটা হচ্ছে মিয়ানমারের ক্রান্তিকালের প্রতীকী ছবি।’ এএফপি।