মিয়ানমারে ঐতিহাসিক সফরে মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল রোববার এক ঐতিহাসিক সফরে মিয়ানমারে পৌঁছেছেন। এটা হলো গত ২৫ বছরের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। তিন দিনের এই সফরকালে মনমোহন সিং মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধীদলীয় নেতা অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়িক প্রতিনিধিদল রয়েছে। ওই দলের সদস্যদের মধ্যে রয়েছেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনিল ভারতী মিত্তাল। বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসসম্পদের দেশ মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় ভারত। বিশেষ করে চীনের ওপর মিয়ানমারের নির্ভরশীলতাকে টেক্কা দিতে নয়াদিল্লি যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর। নেপিডোর উদ্দেশে দেশ ছাড়ার আগে মনমোহন সিং গতকাল এক বিবৃতিতে বলেন, ‘আমি আশা করছি, আমার এ সফরকালে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ বাড়ানো, সীমান্ত সম্পর্ক উন্নয়ন এবং মানবাধিকার গুরুত্ব পাবে।’ রাজধানী নেপিডোতে আজ সোমবার প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষাৎ করবেন মনমোহন সিং। এরপর সেখান থেকে যাবেন ইয়াঙ্গুনে। কাল মঙ্গলবার সেখানে গণতন্ত্রপন্থী নেত্রী সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ধারণা করা হচ্ছে, সু চির সঙ্গে ফের নতুন করে সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। একসময় সু চির গণতান্ত্রিক আন্দোলনের একনিষ্ঠ সমর্থক ছিল ভারত। কিন্তু নয়াদিল্লি নব্বইয়ের দশকের মাঝামাঝি এসে তাদের ভোল পাল্টায়। তারা মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তবে জান্তা সরকারের সঙ্গে এ সম্পর্কের কারণে আন্তর্জাতিক মহলে সমালোচনাও কম হয়নি ভারতের। কিন্তু মিয়ানমার সরকারের সাম্প্রতিক সংস্কারমূলক কর্মকাণ্ড, বিশেষ করে দেশটির উপনির্বাচনে সু চি ও তাঁর দলের অংশগ্রহণের বিষয়টি ভারতের মনোযোগ আকর্ষণ করেছে। এ ব্যাপারে মনমোহন সিং তাঁর বিবৃতিতে বলেন, ‘মিয়ানমারের গণতান্ত্রিক সরকারে উত্তরণের এ প্রক্রিয়াকে ভারত স্বাগত জানায়।’ তিনি বলেন, ভারত তার গণতান্ত্রিক অভিজ্ঞতা মিয়ানমারের সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত।২০১০ সালে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর সু চি বলেছিলেন, নয়াদিল্লির সমর্থন না পাওয়ায় তিনি ‘হতাশ’। অথচ ভারতের সঙ্গে ব্যক্তিগতভাবে তাঁর রয়েছে গভীর সম্পর্ক। তাঁর মা ভারতে রাষ্ট্রদূত থাকাকালে তিনি সেখানে পড়াশোনা করেছেন। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র নিয়ান উইন বলেছেন, ‘আমাদের সঙ্গে ভারতের এখন অনেক বেশি উন্মুক্ত সম্পর্ক। আমরা একে অভিনন্দন জানাই।’ভারত আশা করছে, মনমোহনের এ সফরকালে মিয়ানমারের সঙ্গে তাদের বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এএফপি।