মিয়ানমারে কিছু প্রকাশনার ওপর কড়াকড়ি শিথিল
মিয়ানমার সরকার সে দেশের বাণিজ্য ও অপরাধ-সংক্রান্ত বেশ কিছু প্রকাশনার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে। গতকাল স্থানীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশটিতে এখনো কড়াকড়ি বহাল রয়েছে।মিয়ানমার টাইমস-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির ৫৪টি জার্নাল, সাময়িকী ও বইয়ের বিষয়বস্তু এখন থেকে সেন্সর ছাড়াই তা প্রকাশ করতে পারবে। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে এখনো গণমাধ্যমের ওপর কড়াকড়ি রয়েছে। সংবাদ প্রকাশের জন্য আগাম অনুমতি নিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার পক্ষের লোকেরা এ বিষয়ে সমালোচনা করলেও এ ক্ষেত্রে সরকারের ভাষ্য হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে এটাও শিথিল করা হবে।মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনার বিষয়বস্তু প্রকাশের ক্ষেত্রেও আগাম অনুমতি নিতে হবে। মিয়ানমার টাইমস আরও জানায়, দেশটির সংবাদপত্রবিষয়ক তথ্য যাচাই-বাছাই ও নিবন্ধন দপ্তর বলেছে, গণমাধ্যমের জন্য নতুন আইন পাস হওয়ার আগে সংবাদ, শিক্ষা ও ধর্মীয় বিষয় প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমগুলো ‘সেলফ-সেন্সরশিপ’ -এর অধিকার ভোগ করবে।রাষ্ট্র পরিচালিত দৈনিক নিউ লাইট অব মিয়ানমার-এ গতকাল প্রকাশিত এক খবরে বলা হয়, দেশটির তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী কিয়াও সান চলচ্চিত্র ও ভিডিওর ওপর থেকেও কড়াকড়ি শিথিল করার সুপারিশ করেছেন। এএফপি।