মিয়ানমারে গণতন্ত্র আনতে না পারায় এনএলডির দুঃখ প্রকাশ
সামরিক জান্তা-শাসিত মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে ব্যর্থতার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এ বছর অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর গতকাল মঙ্গলবার এনএলডি এই দুঃখ প্রকাশ করে। দলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জনগণের পাশে থেকে আন্তরিকভাবে গণতন্ত্র ও জাতীয় মতৈক্যের প্রয়োজনে কাজ করে গেছে এনএলডি; সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে গ্রেপ্তার, শাস্তি, ভীতি প্রদর্শনসহ সব ধরনের দমন-পীড়ন সহ্য করেছে। কর্তৃপক্ষের হয়রানি ও বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অপপ্রয়াসের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রয়াস কোনো কাজে না লাগায় আমরা দুঃখ প্রকাশ করছি।’ গত ২১ বছরের মধ্যে ১৫ বছর বন্দিজীবন কাটাচ্ছেন নোবেলজয়ী অং সান সু চি। আসন্ন নির্বাচনের জন্য নিজ দলের নিবন্ধন করার ‘স্বপ্ন দেখি না’ বলার ছয় দিন পর এনএলডি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। সর্বশেষ ১৯৯০ সালের নির্বাচনে বিপুল বিজয় লাভ করে দলটি। কিন্তু সামরিক জান্তা তখন এনএলডিকে ক্ষমতায় বসতে দেয়নি। তখন পশ্চিমারাও সু চিকে ব্যাপক সমর্থন দেয় এবং মিয়ানমারের জনগণ গণতন্ত্রের স্বপ্নে বিভোর হয়ে ছিল। রয়টার্স।